নতুন বছরের শুরুতে শীতের দাপট আরও বেড়েছে। রাজধানী ঢাকায় আজ শনিবার দুপুর পর্যন্ত মাঝারি থেকে ঘন কুয়াশার চাদরে ঢাকা থাকতে পারে আকাশ। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, কুয়াশার কারণে দৃশ্যমানতা কমে যাওয়ার পাশাপাশি বাতাসে আর্দ্রতা বেশি থাকায় আজ শীতের তীব্রতা আরও বেশি অনুভূত হতে পারে।
শনিবার (৩ জানুয়ারি) সকালে ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার জন্য দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আজ আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা এবং আবহাওয়া শুষ্ক থাকতে পারে। তবে ঘন কুয়াশার পাশাপাশি উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬ থেকে ১২ কিলোমিটার বেগে বয়ে যাওয়া হিমেল হাওয়ার কারণে জনজীবনে শীতের আমেজ প্রকট হবে।
আবহাওয়া অফিসের তথ্যমতে, আজ ভোরে ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১২ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। সকাল ৬টায় তাপমাত্রা ছিল ১৩ ডিগ্রি সেলসিয়াস, যেখানে বাতাসের আর্দ্রতা ছিল ৯৯ শতাংশ। আর্দ্রতার এই উচ্চ হার শীতের প্রকোপ বাড়াতে বিশেষ ভূমিকা রাখছে। গতকাল শুক্রবার ঢাকার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২০ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।
দেশের বিভিন্ন অঞ্চলের ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। বিশেষ করে গোপালগঞ্জ, রাজশাহী, পাবনা, পঞ্চগড়, যশোর, চুয়াডাঙ্গা ও কুষ্টিয়া জেলাগুলোতে কনকনে শীত অনুভূত হচ্ছে।
তবে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, কিছু কিছু এলাকায় এই শৈত্যপ্রবাহ পরিস্থিতির কিছুটা উন্নতি হতে পারে। আজ সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকার সম্ভাবনা রয়েছে।