৩ দিনের রাষ্ট্রীয় শোক: রাজধানীতে ডিএমপির একগুচ্ছ নির্দেশনা

২৪ ঘণ্টা বাংলাদেশ রিপোর্ট
  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ৩০ ডিসেম্বর, ২০২৫
৩ দিনের রাষ্ট্রীয় শোক: রাজধানীতে ডিএমপির একগুচ্ছ নির্দেশনা

সাবেক প্রধানমন্ত্রী ও প্রয়াত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ইন্তেকালে ঘোষিত তিন দিনের রাষ্ট্রীয় শোক পালন উপলক্ষে বিশেষ নিরাপত্তামূলক নির্দেশনা জারি করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সন্ধ্যায় এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এসব বিধিনিষেধের কথা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, সাবেক প্রধানমন্ত্রীর মহাপ্রয়াণে বুধবার (৩১ ডিসেম্বর) থেকে শুক্রবার (২ জানুয়ারি) পর্যন্ত সারা দেশে রাষ্ট্রীয় শোক পালন করা হবে। এই সময়ে ঢাকা মহানগরীর শান্তি-শৃঙ্খলা রক্ষা ও শোকের গাম্ভীর্য বজায় রাখতে ৩ দফা নির্দেশনা কার্যকর থাকবে:

ডিএমপির নির্দেশনাসমূহ:

আতশবাজি ও ফানুস নিষিদ্ধ: শোক চলাকালীন ঢাকা মহানগর এলাকায় সব ধরনের আতশবাজি, পটকা ফোটানো, ফানুস ও গ্যাস বেলুন উড়ানো সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে।

উৎসব ও জনসমাগম বন্ধ: উন্মুক্ত স্থানে কোনো ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান, ডিজে পার্টি, র‍্যালি বা উৎসবমুখর শোভাযাত্রা আয়োজন করা যাবে না।

শব্দ দূষণ রোধ: উচ্চ শব্দে গাড়ির হর্ন বাজানো কিংবা জনসাধারণের বিরক্তি সৃষ্টি করে—এমন যেকোনো কর্মকাণ্ড থেকে বিরত থাকতে অনুরোধ করা হয়েছে।

উল্লেখ্য, মঙ্গলবার ভোর ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালের নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বেগম খালেদা জিয়া। দীর্ঘ দিন লিভার সিরোসিসসহ নানা জটিলতায় ভুগে গত ২৩ নভেম্বর থেকে তিনি হাসপাতালে ভর্তি ছিলেন। শেষ সময়ে তাঁকে লাইফ সাপোর্টে রাখা হয়েছিল।

সাবেক এই প্রধানমন্ত্রীর মৃত্যুতে অন্তর্বর্তীকালীন সরকার তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে। এর অংশ হিসেবে বুধবার তাঁর জানাজার দিনে সারা দেশে সাধারণ ছুটি পালিত হবে।

এমএ

আরও
© All rights reserved © 2026 24ghantabangladesh
Developer Design Host BD