সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জ থেকে সাদা পাথর লুটের ঘটনায় দায়ীদের বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা নিতে দায়ের করা রিটের শুনানি আগামী রোববার (১৭ আগস্ট) হাইকোর্টে অনুষ্ঠিত হবে।
বৃহস্পতিবার (১৪ আগস্ট) বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি সৈয়দ জাহেদ মনসুরের হাইকোর্ট বেঞ্চ এ দিন ধার্য করেন। রিট আবেদনটি আদালতে শুনানির জন্য উপস্থাপন করেন অ্যাডভোকেট মীর একেএম নূরুন নবী।
রিটে বলা হয়েছে, ভোলাগঞ্জে সংঘটিত এই সাদা পাথর লুটের ঘটনায় দায়ীদের বিরুদ্ধে সরকার সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যেন দ্রুত এবং যথাযথ ব্যবস্থা নেয়। এছাড়া, সেখানে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অতিরিক্ত সদস্য মোতায়েন করার নির্দেশনা দেওয়ার আবেদনও করা হয়েছে।
রিটে আরও দাবি করা হয়েছে, সিলেটের পর্যটন এলাকা ভোলাগঞ্জ থেকে অবৈধভাবে পাথর উত্তোলনের দায়ে সরকারি কর্মকর্তাদের নিষ্ক্রিয়তা কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা ব্যাখ্যা করতে হাইকোর্টে রুল জারি করারও আবেদন করা হয়েছে।
উল্লেখ্য, গত এক বছরে কোম্পানীগঞ্জ ও গোয়াইনঘাট উপজেলায় বিপুল পরিমাণ পাথর অবৈধভাবে উত্তোলন করা হয়েছে। স্থানীয় প্রশাসনের উপস্থিতিতে দিনে-দুপুরে এসব পাথর উত্তোলনের ঘটনা ঘটলেও কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ উঠেছে।