লালমনিরহাট রেল স্টেশনের কাছে দুটি ট্রেনের মুখোমুখি সংঘর্ষে উল্টে গেছে একটি এক্সপ্রেস ট্রেনের দুটি বগি। সোমবার দুপুরে শহরের বিডিআর গেট রেলক্রসিং এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর না মিললেও ঘটনাস্থলে উদ্ধারকাজ চলছে। দুর্ঘটনার পর লালমনিরহাট-বুড়িমারী রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। পাশাপাশি বিডিআর গেট হয়ে পুরান বাজার, কুড়িগ্রামের ফুলবাড়ি ও ভূরুঙ্গামারীগামী সড়ক যোগাযোগও বিঘ্নিত হয়েছে।
রেলওয়ে কর্তৃপক্ষ ও প্রত্যক্ষদর্শীরা জানান, বুড়িমারী থেকে পার্বতীপুরগামী ৬৬ নম্বর লোকাল ট্রেনটি দুপুরে লালমনিরহাট স্টেশনে ঢোকার সময়, অপর একটি লাইনে অবস্থানরত লালমনি এক্সপ্রেসকে সজোরে ধাক্কা দেয়। এতে লালমনি এক্সপ্রেসের দুটি বগি উল্টে যায় ও একটি ইঞ্জিন ক্ষতিগ্রস্ত হয়।
রেলওয়ে ডিএমই (লোকো) সাজেদুর হাসান নির্ঝর বলেন, “দুর্ঘটনার কারণ আমরা তদন্ত করে জানাবো। আপাতত রাস্তা বন্ধ থাকায় জনদুর্ভোগ নিরসনে দ্রুত উদ্ধারকাজ চালানো হচ্ছে।”
এ বিষয়ে লালমনিরহাট বিভাগীয় রেলওয়ে ম্যানেজার আবু হেনা মোস্তফা আলম জানান, “প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ভুল সিগন্যালের কারণে এ সংঘর্ষ ঘটেছে। তদন্তের পর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।”