মানুষের জন্ম হয়েছে উদ্যোক্তা হওয়ার জন্য : প্রধান উপদেষ্টা

yunusss-20250914124740.jpg
মো: আল মামুন বিশেষ প্রতিনিধি

প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বলেছেন, “মানুষ চাকরি করার জন্য জন্ম নেয়নি, বরং জন্মেছে উদ্যোক্তা হওয়ার জন্য।” রবিবার (১৪ সেপ্টেম্বর) সকালে রাজধানীর আগারগাঁওয়ে পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)-এর ভবন-২ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

প্রধান উপদেষ্টা বলেন, এখন মানুষ নানাভাবে উদ্যোক্তা হয়ে উঠছে। প্রযুক্তি এ ক্ষেত্রে বড় ভূমিকা রাখছে। “প্রযুক্তি আমাদের বিশ্বসঙ্গে যুক্ত করেছে। এখনই প্রযুক্তিকে কাজে লাগানোর সঠিক সময়। প্রতিটি মানুষকে তার সক্ষমতা অনুযায়ী যেখানে যেতে চায় সেখানে যাওয়ার সুযোগ করে দিতে হবে।” ইউনূস বলেন, বর্তমান প্রজন্ম ৮০-র দশকের তরুণদের মতো নয়। তারা অনেক দূর এগিয়ে গেছে। “আজকের ছেলে-মেয়েরা কয়েক লাখ বিনিয়োগকারী ও উদ্যোক্তায় পরিণত হয়েছে। তাই আইনকানুনে যে দূরত্ব তৈরি হয়েছে, তা সংশোধনের প্রয়োজন আছে। বিদ্যমান আইনকেও আরও সম্প্রসারণ করতে হবে।”

পিকেএসএফ-এর জন্ম প্রসঙ্গে তিনি স্মৃতিচারণ করে বলেন, “বিশ্বব্যাংক থেকে ২০ কোটি টাকার একটি ফান্ড এসেছিল। সেটিই ছিল পিকেএসএফ প্রতিষ্ঠার মূল কারণ। সে সময় প্রেসিডেন্ট এরশাদ চাচ্ছিলেন টাকাটা থেকে যাক, তবে আমি বলেছিলাম ফেরত দিন। না হলে এই টাকা মানুষ খেয়ে ফেলবে। সেই ধাক্কাতেই পিকেএসএফ-এর জন্ম।”

তিনি আরও বলেন, শুরু থেকেই মানুষের সঙ্গে সরাসরি কাজ করার যে অভিজ্ঞতা, সেটিই দারিদ্র্য নিরসনে শক্ত ভিত গড়ে দিয়েছে। “আমরা যদি শক্তিশালী আর্থিক কাঠামো গড়ে তুলতে পারি, তবে সত্যিকারের অর্থেই মানুষকে উদ্যোক্তা হিসেবে গড়ে তোলা সম্ভব হবে।”

Leave a Reply

scroll to top