সৌদি আরবের রাজধানী রিয়াদের আন্তর্জাতিক বিমানবন্দর ও প্রিন্স সুলতান বিমানঘাঁটি লক্ষ্য করে আবারও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। তবে সৌদি কর্তৃপক্ষ দাবি করেছে, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে সব ক্ষেপণাস্ত্র সফলভাবে প্রতিহত করা হয়েছে।
ফরাসি বার্তা সংস্থা Agence France-Presse (এএফপি)-এর প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদনে বলা হয়েছে, রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দর এবং Prince Sultan Air Base লক্ষ্য করে ইরান ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। ওই বিমানঘাঁটিতে মার্কিন সেনারা অবস্থান করছেন।
হামলার বিষয়ে অবগত উপসাগরীয় এক সূত্র এএফপিকে জানিয়েছে, রোববার বিকেলে রিয়াদ বিমানবন্দর ও প্রিন্স সুলতান বিমানঘাঁটির দিকে ধেয়ে আসা সব ক্ষেপণাস্ত্র আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে ভূপাতিত করা হয়েছে।
নাম প্রকাশ না করার শর্তে ওই সূত্র আরও দাবি করেন, হামলার ঘটনায় রিয়াদের আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান চলাচল ব্যাহত হয়নি এবং কোনো প্রাণহানি বা বড় ধরনের ক্ষয়ক্ষতির ঘটনাও ঘটেনি।
বিমানবন্দরের কাছে থাকা এক প্রত্যক্ষদর্শী এএফপিকে জানান, তিনি আকাশে ক্ষেপণাস্ত্র প্রতিহত করার দৃশ্য দেখেছেন এবং বিকট বিস্ফোরণের শব্দ শুনেছেন। এর আগে রিয়াদের পূর্বাঞ্চলের বাসিন্দা ও এএফপির প্রতিনিধিরাও বড় ধরনের বিস্ফোরণের শব্দ শোনার কথা জানিয়েছেন।