মধ্যপ্রাচ্যের প্রতিবেশী দুই দেশ ইসরায়েল ও লেবাননের মধ্যে সম্ভাব্য বৈঠকের কথা জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি মনে করছেন, এ উদ্যোগ চলমান উত্তেজনার মধ্যে ‘কিছুটা হলেও স্বস্তির অবকাশ’ তৈরি করতে পারে।
বুধবার (১৫ এপ্রিল) নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যাল-এ দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, “ইসরায়েল ও লেবাননের মধ্যে স্বস্তির পরিবেশ তৈরির চেষ্টা চলছে। প্রায় ৩৪ বছর পর দুই পক্ষের মধ্যে নীরবতা ভাঙতে যাচ্ছে। তারা আগামীকাল কথা বলবে—চমৎকার!”
তবে বৈঠক কোথায় হবে, কারা এতে অংশ নেবেন—এ বিষয়ে বিস্তারিত কিছু জানাননি তিনি।
এর আগে ১৪ এপ্রিল ওয়াশিংটনে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরে বৈঠক করেন যুক্তরাষ্ট্রে নিযুক্ত ইসরায়েলি রাষ্ট্রদূত ইয়েশিয়েল লাইটার ও লেবাননের রাষ্ট্রদূত নাদা হামাদেহ। বৈঠকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও উপস্থিত ছিলেন।
তবে ওই বৈঠকের ফলাফল সম্পর্কে কোনো তথ্য প্রকাশ করা হয়নি। পাশাপাশি, বৈঠকের পরও লেবাননে ইসরায়েলের সামরিক অভিযান অব্যাহত রয়েছে।
এ বিষয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যম সিএনএন যোগাযোগ করলে ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় মন্তব্য করতে অস্বীকৃতি জানায়। অন্যদিকে, লেবাননের কর্মকর্তারা এমন বৈঠক সম্পর্কে অবগত নন বলে জানিয়েছেন।





