আগামী বছর থেকে হজযাত্রীদের সুযোগ-সুবিধা বৃদ্ধি এবং হজের খরচ আরও কমানোর আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
শুক্রবার (১৭ এপ্রিল) রাত পৌনে ১২টায় রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এ বছরের হজ ফ্লাইট কার্যক্রমের উদ্বোধনকালে তিনি এ কথা বলেন।
প্রধানমন্ত্রী হজযাত্রীদের উদ্দেশে দেশ ও জাতির কল্যাণে দোয়া কামনা করে বলেন,
“আপনারা দেশ ও দেশের মানুষের জন্য দোয়া করবেন। আল্লাহ যেন আমাদের সেই তৌফিক দেন, যাতে আমরা সামনের সব সমস্যা ও বিপদ মোকাবিলা করতে পারি এবং দেশের মানুষের কল্যাণে নেওয়া উদ্যোগগুলো সফলভাবে বাস্তবায়ন করতে পারি।”
হজ ব্যবস্থাপনা প্রসঙ্গে তিনি বলেন,
“আমরা সরকার গঠনের আগেই অন্তর্বর্তী সরকারের সময়ে হজ ব্যবস্থার বেশিরভাগ কাজ সম্পন্ন হয়েছিল। তারপরও আমরা চেষ্টা করে অন্তত ১২ হাজার টাকা খরচ কমিয়েছি। আগামী বছর আরও কম খরচে হজে পাঠানোর ব্যবস্থা করতে পারি—সে জন্য আপনারা দোয়া করবেন।”
এর আগে রাত ১১টার দিকে প্রধানমন্ত্রী বিমানবন্দর এলাকায় পৌঁছে রাজধানীর আশকোনা হজ ক্যাম্প পরিদর্শন করেন এবং হজযাত্রীদের সঙ্গে কুশল বিনিময় করেন।
এ সময় তার সঙ্গে ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়াকোবাদসহ ধর্ম মন্ত্রণালয় ও শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
হজ ফ্লাইটের উদ্বোধন শেষে প্রধানমন্ত্রী বিমানে উঠে হজযাত্রীদের সঙ্গে সাক্ষাৎ করেন। সেখানে তাদের নিরাপদ যাত্রা এবং দেশ ও জাতির সমৃদ্ধি কামনায় বিশেষ মোনাজাত করা হয়।
মোনাজাত শেষে তিনি বিমানবন্দর ত্যাগ করেন।