রাজশাহীতে একটি কোচিং সেন্টারের আড়ালে বিপুল পরিমাণ অস্ত্র ও বিস্ফোরক রাখা হয়েছিল বলে জানা গেছে। এ ঘটনায় আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও রাজশাহী সিটি করপোরেশনের সাবেক মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনের চাচাতো ভাই মুনতাসিরুল অনিন্দ্যসহ তিনজনকে গ্রেফতার করেছে সেনাবাহিনী।
শনিবার (১৬ আগস্ট) নগরীর কাদিরগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় তাদের বাসা এবং কোচিং সেন্টার থেকে বোমা তৈরির সরঞ্জাম, বিস্ফোরক এবং বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার করা হয়েছে।
সেনাবাহিনীর একটি সূত্র সাংবাদিকদের জানিয়েছে, ‘ডক্টর ইংলিশ’ নামে একটি কোচিং সেন্টারের সাইনবোর্ডের আড়ালেই এসব অস্ত্র রাখা ছিল। গ্রেফতার তিনজনের মধ্যে একজন লিটনের চাচাতো ভাই অনিন্দ্য, বাকি দু’জন তার সহযোগী।
বোম্ব ডিসপোজাল ইউনিট ঘটনাস্থলে পৌঁছালে উদ্ধারকৃত বিস্ফোরক নিষ্ক্রিয় করা হবে। এরপর বিস্তারিত তথ্য জানানো হবে বলে সেনাবাহিনী জানিয়েছে।
সূত্র আরও জানায়, উদ্ধার হওয়া অস্ত্রগুলো অত্যন্ত বিপজ্জনক, তাই পুলিশ ও সাংবাদিকদের নিরাপদ দূরত্ব বজায় রাখতে বলা হয়েছে। ঘটনাস্থলে সাংবাদিক ও পুলিশ সদস্যদের উপস্থিতি লক্ষ্য করা গেছে।





