সাবেক পরিকল্পনামন্ত্রী ও সুনামগঞ্জ-৩ আসনের সাবেক সংসদ সদস্য এম এ মান্নানকে দুর্নীতি দমন কমিশন (দুদক) জিজ্ঞাসাবাদ করেছে। শুক্রবার (২২ আগস্ট) বিকেলে সিলেট দুদক কার্যালয়ে প্রায় দুই ঘণ্টা তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। দুদক সিলেট কার্যালয়ের উপপরিচালক রাফী মোহাম্মদ নাজমূস সাদাত এ তথ্য নিশ্চিত করেছেন।
দুদক সূত্রে জানা গেছে, এম এ মান্নানের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জন, সুনামগঞ্জ মেডিকেল কলেজ ও সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন প্রকল্প থেকে কমিশন গ্রহণ, পানি উন্নয়ন বোর্ডসহ বিভিন্ন সরকারি প্রকল্পে কমিশন ও ঘুষ নেওয়া, নিয়োগ প্রক্রিয়ায় প্রভাব বিস্তার এবং আত্মীয়স্বজনের নামে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে। তদন্তের অংশ হিসেবে তার স্থাবর ও অস্থাবর সম্পদের বিষয়েও জানতে চাওয়া হয়েছে।
দুদক কর্মকর্তা রাফী মোহাম্মদ নাজমূস সাদাত বলেন, “এম এ মান্নানের বিরুদ্ধে অভিযোগের তদন্ত চলছে। এই তদন্তের অংশ হিসেবে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে।”
উল্লেখ্য, ছাত্র-জনতার ওপর হামলার অভিযোগে দায়ের করা একটি মামলায় এম এ মান্নানকে গত ১৯ সেপ্টেম্বর রাতে শান্তিগঞ্জ উপজেলার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। পরদিন আদালতের নির্দেশে তাকে কারাগারে পাঠানো হয়। কারাগারে অসুস্থ হয়ে পড়লে তাকে প্রথমে সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে এবং পরে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। আদালত তার জামিন মঞ্জুর করলে হাসপাতাল থেকে মুক্তি পান এবং বর্তমানে তিনি ঢাকায় অবস্থান করছেন।





