২০২৫ সালের এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল আজ বৃহস্পতিবার প্রকাশ করা হবে। দুপুর ২টায় দেশের ১১টি শিক্ষা বোর্ড একযোগে ফল প্রকাশ করবে। শিক্ষার্থীরা তিনটি মাধ্যমে ফল জানতে পারবে—বোর্ডের ওয়েবসাইট, মোবাইল ফোনে এসএমএস এবং নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠান থেকে।
ফলাফল জানার জন্য শিক্ষার্থীরা শিক্ষা বোর্ডের কেন্দ্রীয় ওয়েবসাইট (www.educationboardresults.gov.bd) এবং নিজ নিজ বোর্ডের ওয়েবসাইটে গিয়ে রোল ও রেজিস্ট্রেশন নম্বর ব্যবহার করে ফল দেখতে পারবে। মোবাইলে ফল জানতে মেসেজ অপশনে গিয়ে টাইপ করতে হবে:
SSC <স্পেস> বোর্ডের প্রথম তিন অক্ষর <স্পেস> রোল নম্বর <স্পেস> পরীক্ষার সাল,
এবং পাঠাতে হবে ১৬২২২ নম্বরে।
উদাহরণ: SSC DHA 123456 2025
শিক্ষার্থীরা নিজেদের স্কুল বা শিক্ষাপ্রতিষ্ঠানে গিয়েও ফলাফল জানতে পারবে। শিক্ষা বোর্ডগুলোর পক্ষ থেকে জানানো হয়েছে, প্রতিষ্ঠান থেকে ফলাফল জানা সবচেয়ে নির্ভরযোগ্য ও নির্ভুল পদ্ধতি।
ফলাফল প্রকাশের পর যদি কোনো শিক্ষার্থী নিজের প্রাপ্ত ফল নিয়ে অসন্তুষ্ট থাকে, তবে সে পুনঃনিরীক্ষণের জন্য আবেদন করতে পারবে। আবেদন গ্রহণ শুরু হবে আগামীকাল শুক্রবার (১১ জুলাই) থেকে এবং চলবে ১৭ জুলাই পর্যন্ত। শুধুমাত্র টেলিটক সিম ব্যবহার করে এই আবেদন করা যাবে। প্রতি বিষয়ের জন্য আবেদন ফি নির্ধারিত হয়েছে ১৫০ টাকা।
আবেদনের জন্য মোবাইলে টাইপ করতে হবে:
RSC <স্পেস> বোর্ডের প্রথম তিন অক্ষর <স্পেস> রোল নম্বর <স্পেস> বিষয় কোড,
এবং পাঠাতে হবে ১৬২২২ নম্বরে। একাধিক বিষয়ের কোড থাকলে কমা দিয়ে আলাদা করতে হবে।
চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষা শুরু হয়েছিল ১০ এপ্রিল এবং শেষ হয় ১৩ মে। মোট পরীক্ষার্থী ছিল ১৯ লাখ ২৮ হাজার ৯৭০ জন। এর মধ্যে ছাত্র ৯ লাখ ৬১ হাজার ২৩১ জন এবং ছাত্রী ৯ লাখ ৬৭ হাজার ৭৩৯ জন। পরীক্ষার প্রথম দিন অনুপস্থিত ছিল ২৬ হাজার ৯২৮ জন, যা পরে আরও বৃদ্ধি পায়। সব মিলিয়ে প্রায় ১৯ লাখ শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়।
বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ড. খন্দোকার এহসানুল কবির জানিয়েছেন, ফল প্রস্তুত ও যাচাই-বাছাই প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। তিনি বলেন, ফল প্রকাশের পুরো প্রক্রিয়াটি সফটওয়্যারনির্ভর হওয়ায় নম্বর প্রদানে ভুল হওয়ার সুযোগ নেই। তবে কেউ সন্তুষ্ট না হলে, নির্ধারিত নিয়মে পুনঃনিরীক্ষণের আবেদন করতে পারবে।