জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান আবদুর রহমান খান জানিয়েছেন, আগামী বছর থেকে করপোরেট ট্যাক্স অনলাইনে দাখিল করা যাবে। এই উদ্যোগের মাধ্যমে করদাতারা ঘরে বসেই কর সম্পর্কিত সমস্ত কার্যক্রম সম্পন্ন করতে পারবেন।
রোববার (১৪ সেপ্টেম্বর) এনবিআরের মাল্টিপারপাস হলে ট্যাক্স রিপ্রেজেন্টেটিভ ম্যানেজমেন্ট সিস্টেমের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, “করপোরেট ট্যাক্স এবং ইনকাম ট্যাক্সের জন্য একটি অ্যাপ তৈরি করা হবে। এটি ব্যবহার করলে করদাতাদের জন্য দৌড়াদৌড়ি কমবে এবং ট্যাক্স সংক্রান্ত সব কাজ অনলাইনে সম্পন্ন করা যাবে।”
চেয়ারম্যান বলেন, নতুন সিস্টেমের মাধ্যমে ডাটাবেইজ তৈরি হবে, যা দ্রুত সমস্যার সমাধান নিশ্চিত করবে। এছাড়া, ব্যাংকের সঙ্গে সংযুক্ত থাকায় ট্যাক্স রিটার্নে স্বয়ংক্রিয় ফিলাপ হবে, ফলে ভুলভ্রান্তি ও সম্পদ লুকানোর সুযোগ কমে যাবে।
অনুষ্ঠানে উপস্থিত অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেন, “এই ধরনের অ্যাপ সাধারণ মানুষ এবং করদাতাদের জন্য মঙ্গলজনক। অ্যাপের মাধ্যমে দ্রুততার সঙ্গে কর কার্যক্রম সম্পন্ন করা সম্ভব হবে, যা সরকারের রাজস্ব সংগ্রহেও সহায়ক হবে।”
নতুন এই উদ্যোগের মাধ্যমে এনবিআর ট্যাক্স সংগ্রহকে আরও ডিজিটাল, স্বচ্ছ এবং সুবিধাজনক করার লক্ষ্যে কাজ করছে।