বৈষম্যবিরোধী আন্দোলনে দায়ের করা হত্যা মামলায় গ্রেফতার কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদিকে বরিশাল থেকে ঢাকায় নেওয়া হচ্ছে।
রবিবার (২৪ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে বরিশাল মহানগরের বাংলা বাজার এলাকার রোগ নির্ণয় কেন্দ্রের পাশের একটি বাড়ি থেকে সিআইডি বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। যাত্রাবাড়ী থানায় দায়ের করা হত্যা মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়।
তৌহিদ আফ্রিদি মাই টিভির চেয়ারম্যান নাসির উদ্দিন সাথীর ছেলে। গত বছরের ১ সেপ্টেম্বর যাত্রাবাড়ী থানায় বাবা-ছেলেসহ ২৫ জনের বিরুদ্ধে হত্যা মামলা করা হয়। মামলার অন্যতম আসামি ছিলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ মামলায় তৌহিদ আফ্রিদি ছিলেন ১১ নম্বর আসামি এবং তার বাবা নাসির উদ্দিন ২২ নম্বর আসামি।
গত ১৭ আগস্ট যাত্রাবাড়ীর ওই হত্যা মামলায় নাসির উদ্দিনকে রাজধানীর গুলশান থেকে গ্রেফতার করে ডিবি পুলিশ। পরদিন তাকে রিমান্ডে নেওয়া হয়।
গ্রেফতার অভিযান প্রসঙ্গে বরিশাল কোতোয়ালি মডেল থানার ওসি মিজানুর রহমান বলেন, “ঢাকা থেকে সিআইডির একটি দল বরিশাল পুলিশের সহায়তায় তৌহিদ আফ্রিদিকে গ্রেফতার করেছে। পরে তাকে ঢাকায় নিয়ে যাওয়া হয়েছে।”