নেপালে চলমান বিক্ষোভ থেকে ছড়িয়ে পড়া সহিংসতায় নিহতের সংখ্যা বেড়ে ৭২ জনে দাঁড়িয়েছে। দেশটির সরকারি তথ্যের বরাতে স্থানীয় গণমাধ্যম দ্য খবর হাব ইংলিশ এ তথ্য জানিয়েছে।
প্রেসিডেন্ট রাম চন্দ্র পাওদেলের কাছে নতুন প্রধানমন্ত্রী সুশীলা কার্কির শপথ অনুষ্ঠানে এ সংখ্যা প্রকাশ করেন মুখ্যসচিব একনারায়ণ আরিয়াল। তিনি জানান, দেশের বিভিন্ন হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রে বর্তমানে ১৯১ জন চিকিৎসাধীন রয়েছেন।
দুর্নীতি, স্বজনপ্রীতি ও কর্মসংস্থানের অভাবের বিরুদ্ধে আন্দোলন শুরু হলেও, সামাজিক যোগাযোগমাধ্যম নিষিদ্ধের ঘোষণাকে ঘিরে বিক্ষোভ আরও সহিংস হয়ে ওঠে। ভুয়া খবর ঠেকাতে সরকার নিষেধাজ্ঞা দিলেও আন্দোলন থামেনি, বরং সহিংসতার মাত্রা বেড়ে যায়। শেষ পর্যন্ত জনচাপের মুখে পদত্যাগে বাধ্য হন প্রধানমন্ত্রী কে পি শর্মা ওলি।
আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্সের তথ্য অনুযায়ী, এ পর্যন্ত অন্তত এক হাজার ৩০০ জন আহত হয়েছেন। লুটপাট, অগ্নিসংযোগ ও ভাঙচুরে কয়েকশ কোটি রূপির ক্ষয়ক্ষতি হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনী কারফিউ জারি করে এবং রাজধানী কাঠমান্ডুসহ বিভিন্ন স্থানে টহল জোরদার করে।
শুক্রবার থেকে ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করেছে রাজধানীর পরিস্থিতি। দোকানপাট খোলা শুরু হয়েছে, রাস্তায় গাড়িও চলছে। তবে সেনা টহল অব্যাহত রয়েছে এবং কিছু সড়কে প্রবেশ নিষেধাজ্ঞা থাকলেও তা আগের তুলনায় শিথিল হয়েছে।
এ অবস্থায় শুক্রবার শপথ নেন সাবেক প্রধান বিচারপতি সুশীলা কার্কি। রোববার তিনি নতুন প্রধানমন্ত্রীর দপ্তরের দায়িত্বভার গ্রহণ করেন।





