বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর বলেছেন, টাকা ছাপানো, সংরক্ষণ, সারা দেশে পরিবহন ও বণ্টনে প্রতিবছর প্রায় ২০ হাজার কোটি টাকা ব্যয় হয়। এই বিপুল খরচ কমাতে হলে নগদ অর্থ ব্যবহারের প্রবণতা হ্রাস করে ক্যাশলেস লেনদেন বাড়াতে হবে।
রোববার সকালে রাজধানীর গুলশানে বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি) আয়োজিত ‘অন্তর্বর্তীকালীন সরকারের ৩৬৫ দিন’ শীর্ষক সংলাপে তিনি এ কথা বলেন। তিনি জানান, বাংলাদেশ ব্যাংক ইতোমধ্যে কিউআর কোডভিত্তিক লেনদেন জনপ্রিয় করতে নীতিগত সহায়তা ও প্রযুক্তিগত অবকাঠামো তৈরির কাজ করছে।
গভর্নর বলেন, “লাইসেন্সপ্রাপ্ত প্রতিটি প্রতিষ্ঠানকে কিউআর কোড ব্যবহার করতে হবে। এর ফলে ব্যবসায়ী থেকে শুরু করে ভোক্তা—সবার জন্য লেনদেন হবে দ্রুত, নিরাপদ ও স্বচ্ছ। ক্যাশের ব্যবহার কমলে রাষ্ট্রীয় খরচও উল্লেখযোগ্যভাবে কমে যাবে।”
তিনি আরও বলেন, ডিজিটাল আর্থিক অন্তর্ভুক্তির জন্য স্মার্টফোনের ব্যবহার অত্যন্ত জরুরি। ভালো মানের স্মার্টফোন যদি ৬ থেকে ৭ হাজার টাকার মধ্যে বাজারে পাওয়া যায়, তাহলে শতভাগ মানুষকে স্মার্টফোনের আওতায় আনা সম্ভব হবে। এ লক্ষ্যে ইন্টারনেটের মূল্য কমানো এবং সেবার মান বাড়ানো প্রয়োজন।
গভর্নরের এ পরামর্শ বাস্তবায়িত হলে দেশের আর্থিক লেনদেন আরও দ্রুত, সুরক্ষিত ও স্বচ্ছ হবে এবং রাষ্ট্রের অর্থনৈতিক ভারও হ্রাস পাবে।