ময়মনসিংহে ট্র্যাফিক পুলিশ বক্সের সামনে যুবদলের এক কর্মীকে ছুরিকাঘাত করেছে দুর্বৃত্তরা। গুরুতর আহত অবস্থায় পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নিলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহতের নাম মো. রেদুয়ান জাহান রিয়াদ (২৮)। তিনি মহানগর যুবদলের কর্মী ছিলেন।
বুধবার (২৬ নভেম্বর) বিকেল ৩টার দিকে শহরের পাটগুদাম ব্রিজ মোড়ে এ ঘটনা ঘটে। রেদুয়ান জাহান রিয়াদ নগরীর কালিবাড়ি এলাকার মো. সাইদুল হক খানের ছেলে।
রিয়াদের বাবা বলেন, আমার ছেলে যুবদল নেতা ইনছানের সঙ্গে রাজনীতি করতো। পাটগুদাম ব্রিজ মোড়ে অস্থায়ী পুলিশ বক্সের ভেতরে আমার ছেলে আহত অবস্থায় অনেকক্ষণ পড়েছিল। কিন্তু কেউ তাকে বাঁচাতে আসেনি। কি কারণে, কে বা কারা তাকে হত্যা করেছে বুঝতে পারছি না।
ময়মনসিংহ মহানগর যুবদলের যুগ্ম-সাধারণ সম্পাদক মো. ইনছান বলেন, রিয়াদ যুবদলের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। এ সময় ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ দেখে হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার করার দাবি জানান তিনি।
এ বিষয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ শফিকুল ইসলাম বলেন, বিকেল সাড়ে ৩টার দিকে ওই যুবককে আহত অবস্থায় হাসপাতালে নিয়ে আসে লোকজন। তার হাঁটুর ওপরে ছুরিকাঘাতে অতিরিক্ত রক্তক্ষণে হয়।
পরে তাকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। চিকিৎসাধীন অবস্থায় বিকেল সাড়ে ৫টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মরদেহটি ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রয়েছে।
ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শিবিরুল ইসলাম বলেন, ছিনতাইকারী একটি চক্রের মধ্যে বিরোধের জেরে ছুরিকাঘাতের হত্যার ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
এমএ





