সরকারি-বেসরকারি মাধ্যমিক স্কুলে গত কয়েক বছরের ধারাবাহিকতায় এবারও লটারির মাধ্যমে নতুন শিক্ষাবর্ষে ভর্তি করানো হবে।
সোমবার (১০ নভেম্বর) ঢাকা মহানগর ভর্তি কমিটির সভা শেষে বিকেলে এসব সিদ্ধান্ত জানান ঢাকা মহানগর ভর্তি কমিটির সদস্য এবং মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের ভর্তি মাধ্যমিক শাখার পরিচালক অধ্যাপক খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল।
মাহমুদ সোহেল বলেন, এবারও লটারি ভর্তি প্রক্রিয়া কারিগরি সহায়তা দেবে রাষ্ট্রীয় মালিকানাধীন মোবাইল অপারেটর টেলিটক। অনলাইনে আবেদন নিয়ে লটারি প্রক্রিয়া চালানো হবে।
তিনি আরও বলেন, আগামী ২১ নভেম্বর থেকে শিক্ষার্থীরা স্কুলগুলোতে ভর্তির আবেদন করতে পারবে, চলবে ৫ ডিসেম্বর পর্যন্ত। আর ১৪ ডিসেম্বর ডিজিটাল লটারি আয়োজনের সম্ভাব্য তারিখ নির্ধারণ করা হয়েছে।
উল্লেখ্য, আগে প্রথম শ্রেণিতে শিক্ষার্থী ভর্তির জন্য পরীক্ষা না নিয়ে লটারি হত। করোনাভাইরাস মহামারির কারণে ২০২১ শিক্ষাবর্ষে সব শ্রেণিতেই শিক্ষার্থী ভর্তিতে লটারি শুরু হয়। এরপর থেকে সেই প্রক্রিয়া এখনো অনুসরণ করা হচ্ছে।
এমএ





