আয়কর আইনে ‘জিরো রিটার্ন’ ধারা নেই: এনবিআর চেয়ারম্যান

NBR-CM-ICMAB-2508100251.jpg
মো: আল মামুন নিজস্ব প্রতিবেদক

করদাতাদের অনলাইন রিটার্ন দাখিলের সুযোগ নিয়ে ‘জিরো রিটার্ন’ নামে ঝুঁকিপূর্ণ একটি প্রথা চালু হয়েছে, যেখানে সব আয় ও সম্পদের তথ্য ‘শূন্য’ দেখিয়ে দেওয়া হচ্ছে—এমন অভিযোগ উঠেছে। তবে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মো. আবদুর রহমান খান স্পষ্ট করেছেন, আয়কর আইনে এমন কোনো ধারা নেই।

শনিবার  আইসিএমএবি আয়োজিত এক অনুষ্ঠানে তিনি বলেন, “জিরো রিটার্ন এক্সট্রিমলি ডেঞ্জারাস। মিথ্যা তথ্য দিয়ে রিটার্ন দাখিল করলে পাঁচ বছরের জেলসহ কঠোর শাস্তি রয়েছে।” তিনি জানান, ব্যাংক এফডিআর, ফ্ল্যাট, বাড়ি, গাড়ির মতো সম্পদ গোপন করে শূন্য রিটার্ন দেওয়ার প্রমাণ পাওয়া গেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

এনবিআর চেয়ারম্যান সতর্ক করে বলেন, ইউজার আইডি ও পাসওয়ার্ড অন্যকে দিয়ে দায় এড়ানো যাবে না। পেপার বা অনলাইন—যে মাধ্যমেই রিটার্ন দাখিল করা হোক, তথ্য অবশ্যই সত্য হতে হবে।

তিনি আরও বলেন, রাজস্ব আদায় এখনও কম এবং কর বেস বাড়াতে সবার সহযোগিতা প্রয়োজন। কর ফাঁকি ব্যবসা ও অর্থনীতির জন্য ক্ষতিকর; বরং আইন মেনে কর দিলে ব্যবসা টিকে থাকে ও দেশের উন্নয়ন হয়।

এনবিআর শিগগিরই একটি বিজ্ঞপ্তি দিয়ে করদাতাদের ‘জিরো রিটার্ন’ এর ঝুঁকি ও শাস্তি সম্পর্কে সচেতন করবে। পাশাপাশি বড় কর ফাঁকিবাজদের ধরতে গোয়েন্দা তৎপরতা বাড়ানো হবে।

এনবিআরের আহ্বান—করদাতারা যেন সততা ও আইন মেনে চলেন; অন্যথায় কঠোর শাস্তি এড়ানো যাবে না।

Leave a Reply

scroll to top