শহীদ শরিফ ওসমান হাদির জানাজার প্রাক্কালে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস তাকে পরম শ্রদ্ধায় স্মরণ করেছেন। শনিবার (২০ ডিসেম্বর) দুপুরে ইনকিলাব মঞ্চের এই মুখপাত্রের জানাজায় অংশ নিয়ে তিনি বলেন, বাংলাদেশের প্রতিটি মানুষের হৃদয়ে শরিফ ওসমান হাদি বেঁচে আছেন।
তিনি বলেন, আজ আমরা এখানে ওসমান হাদিকে বিদায় দিতে আসিনি। আমাদের সবার বুকে হাদি থাকবে।
এর আগে, সকালে ওসমান হাদির লাশের ময়নাতদন্ত সোহরাওয়ার্দী হাসপাতালে সম্পন্ন হয়। পরে তার লাশ আবারও নেওয়া হয় হৃদরোগ ইনস্টিটিউটে। সেখানে গোসল শেষে সহযোদ্ধা ও সমর্থকদের অংশগ্রহণে মিছিলসহ লাশ নিয়ে নিয়ে আসা হয় মানিক মিয়া অ্যাভিনিউ জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়।
এদিন সকাল থেকেই সংসদ ভবন এলাকায় আসতে শুরু করেন মানুষ।
বেলা একটার দিকে দেখা যায়, মানিক মিয়া অ্যাভিনিউয়ের ফার্মগেট, বিজয়স্মরণী, আসাদগেটসহ আসপাশের এলাকায় মানুষে ভরে গেছে। ‘আমরা সবাই হাদি হবো যুগে যুগে লড়ে যাবো’, ‘হাদি ভাইয়ের রক্ত বৃথা যেতে দেব না’, ইত্যাদি স্লোগানও দেন তারা।
পরিবারের দাবির ভিত্তিতে শহীদ ওসমান হাদিকে জাতীয় কবি নজরুলের পাশে সমাহিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে ইনকিলাব মঞ্চ।
এমএ





