সহপাঠী নিহতের প্রতিবাদে ফার্মগেটে তেজগাঁও কলেজ শিক্ষার্থীদের সড়ক অবরোধ

২৪ ঘণ্টা বাংলাদেশ রিপোর্ট
  • সর্বশেষ আপডেট : রবিবার, ৪ জানুয়ারী, ২০২৬
সহপাঠী নিহতের প্রতিবাদে ফার্মগেটে তেজগাঁও কলেজ শিক্ষার্থীদের সড়ক অবরোধ

সহপাঠী নিহতের ঘটনার সুষ্ঠু বিচার ও দোষীদের শাস্তির দাবিতে আবারও রাজপথে নেমেছেন রাজধানীর তেজগাঁও কলেজের শিক্ষার্থীরা। রোববার (৪ জানুয়ারি) সকাল সোয়া ১০টা থেকে তারা ফার্মগেট এলাকায় প্রধান সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন।

এর ফলে ফার্মগেট, কারওয়ান বাজার ও তেজগাঁওসহ আশপাশের গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে, যা চরম ভোগান্তিতে ফেলেছে সাধারণ যাত্রীদের।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, গত ৬ ডিসেম্বর তেজগাঁও কলেজের ছাত্রাবাসে শিক্ষার্থীদের দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। ওই সংঘর্ষে গুরুতর আহত হন উচ্চমাধ্যমিকের শিক্ষার্থী সাকিবুল হাসান রানা। চিকিৎসাধীন অবস্থায় গত ১০ ডিসেম্বর রাতে তাঁর মৃত্যু হয়। এই হত্যাকাণ্ডের প্রতিবাদে এবং জড়িতদের গ্রেপ্তারের দাবিতে আজ সকালে শিক্ষার্থীরা কলেজের সামনে থেকে মিছিল নিয়ে ফার্মগেট মোড়ে অবস্থান নেন।

শিক্ষার্থীদের আকস্মিক এই অবরোধে রাজধানীর ব্যস্ততম এই রুটে সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে যায়। রাস্তার দুই পাশে বাসের দীর্ঘ সারি তৈরি হওয়ায় অনেক যাত্রীকে হেঁটে গন্তব্যে পৌঁছাতে দেখা গেছে।

এ বিষয়ে তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ক্যশৈন্যু মারমা জানান, শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় বিচার চেয়ে কিছু শিক্ষার্থী সড়কে অবস্থান নিয়েছেন। তিনি বলেন, “আমরা ঘটনাস্থলে আছি এবং শিক্ষার্থীদের সাথে কথা বলছি। তাদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দিয়ে যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা চলছে।”

উল্লেখ্য, এর আগে গত ১১ ডিসেম্বরও একই দাবিতে প্রায় দুই ঘণ্টা ফার্মগেট সড়ক অবরোধ করে রেখেছিলেন শিক্ষার্থীরা। তখন প্রশাসনের পক্ষ থেকে সুষ্ঠু তদন্ত ও বিচারের আশ্বাস দেওয়া হলে তারা কর্মসূচি স্থগিত করেন। তবে দীর্ঘ সময় পেরিয়ে গেলেও দৃশ্যমান কোনো অগ্রগতি না পাওয়ায় আজ পুনরায় তারা রাজপথে নামলেন।

শেষ খবর পাওয়া পর্যন্ত, শিক্ষার্থীরা তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত সড়ক ছাড়বেন না বলে অনড় অবস্থানে রয়েছেন। উদ্ভূত পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

আরও
© All rights reserved © 2026 24ghantabangladesh
Developer Design Host BD