আগামী ২৫ ডিসেম্বর দেশে ফিরবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এরপর ২৭ ডিসেম্বর তিনি বাংলাদেশের নাগরিক (ভোটার) হবেন বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।
সোমবার (২২ ডিসেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সিইসির কার্যালয়ে বিকাল ৩টার দিকে সালাহউদ্দিন আহমদের নেতৃত্বে বৈঠকে বসে বিএনপির তিন সদস্যের প্রতিনিধিদল। বৈঠক শেষে তিনি এ কথা জানান।
বৈঠকে নির্বাচন কমিশনার রহমানেল মাছউদ ও নির্বাচন কমিশনের সিনিয়র সচিব উপস্থিত ছিলেন। বিএনপির প্রতিনিধি দলের অন্য দুই সদস্য হলেন বিএনপি চেয়ারপার্সন উপদেষ্টা কাউন্সিল সদস্য ইসমাইল জবিউল্লাহ ও নির্বাচন কমিশনের সাবেক ভারপ্রাপ্ত সচিব ডক্টর মোহাম্মদ জকরিয়া।
তারেক রহমান আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করবেন। তবে তিনি এখনো ভোটার তালিকায় নিজের নাম অন্তর্ভুক্ত করেননি। তফসিল ঘোষণার পর ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্ত করতে হলে নির্বাচন কমিশনের অনুমোদন নিতে হবে।
উল্লেখ্য, আগামী বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) দেশে ফিরছেন তারেক রহমান। জানা গেছে, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি ২০২০ ফ্লাইটে টিকিট বুকিং করেছেন তারেক রহমান। ফ্লাইটটি ২৪ ডিসেম্বর সন্ধ্যা সোয়া ৬টায় লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে রওয়ানা হওয়ার কথা রয়েছে।
সব ঠিক থাকলে বোয়িং ৭৮৭-৯ মডেলের উড়োজাহাজটি ২৫ ডিসেম্বর বেলা ১২টার দিকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবে। ইতোমধ্যে তার দেশে ফেরা উপলক্ষে সংবর্ধনা অনুষ্ঠান আয়োজনে ঢাকা বিভাগীয় কমিশনারের অনুমতি পেয়েছে দলটি। দলনেতাকে সর্বোচ্চ নিরাপত্তা দিতে চলছে প্রস্তুতি। তারেক রহমানের জন্য ঠিক করা হয়েছে বাড়িও।
এমএ





