সন্ধ্যার মধ্যে ঢাকাসহ দেশের ১৩টি অঞ্চলে বজ্রসহ ঝড় আঘাত হানতে পারে বলে সতর্ক করেছে বাংলাদেশ আবহাওয়া অফিস। এসব এলাকায় ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা বা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। আজ রোববার (১৫ জুন) এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ ড. মো. ওমর ফারুকের দেওয়া সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরসমূহের পূর্বাভাসে এই তথ্য জানানো হয়েছে। সম্ভাব্য এই দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে সংশ্লিষ্ট নদীবন্দরগুলোকে এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
এদিন সকালের পূর্বাভাসে আবহাওয়া অফিস জানিয়েছে, সন্ধ্যা ৬টার মধ্যে যে ১৩টি অঞ্চলে বজ্রসহ ঝড় বা দমকা হাওয়াসহ বৃষ্টি হতে পারে, সেগুলো হলো: রংপুর, দিনাজপুর, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট।
আবহাওয়া অধিদপ্তর আরও জানায়, আগামী ২৪ ঘণ্টার মধ্যে রংপুর, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বিদ্যুৎ চমকানো বা হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
এর পাশাপাশি, সারাদেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হওয়ার সম্ভাবনা রয়েছে। এই বৃষ্টিপাতের কারণে সারাদেশের দিনের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস হ্রাস পেতে পারে এবং রাতের তাপমাত্রাও সামান্য কমতে পারে।
অন্যদিকে, দিনাজপুর ও নীলফামারী জেলার উপর দিয়ে বর্তমানে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। রাজশাহী, পাবনা, ফেনী এবং পটুয়াখালী জেলাসহ খুলনা বিভাগ ও রংপুর বিভাগের অবশিষ্ট অংশের উপর দিয়ে মৃদু তাপপ্রবাহ অব্যাহত রয়েছে।
এছাড়া, এই তাপপ্রবাহ কিছু কিছু জায়গা থেকে প্রশমিত হতে পারে বলেও জানিয়েছে আবহাওয়া অফিস। আবহাওয়ার এই আকস্মিক পরিবর্তনের কারণে সংশ্লিষ্ট এলাকার বাসিন্দাদের সতর্ক করা হয়েছে।





