মশাবাহিত রোগ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় সারাদেশে এক নারীর মৃত্যু হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। জানা গেছে, নিহত ওই নারীর বাড়ি চট্টগ্রামে, তার বয়স ২১ থেকে ২৫ বছরের মধ্যে।
আজ শনিবার (২১ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
স্বাস্থ্য অধিদপ্তর জানায়, একই সময়ে সারাদেশে এই রোগটিতে আক্রান্ত হয়ে মোট ৩৫২ জন নতুন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। বর্তমানে তারা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
অধিদপ্তর জানায়, গত ২৪ ঘণ্টায় বরিশালের বিভিন্ন হাসপাতালে ১৬৭ জন, চট্টগ্রামে ৭৬, ঢাকা বিভাগে ১৫, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ১৯, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ৪৩, খুলনায় ৮, রাজশাহীতে ২৪ জন ভর্তি হয়েছেন।
এ সময়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ৪১৩ জন। এ নিয়ে এই রোগে মোট ৬ হাজার ৫১৬ জন রোগী ছাড়পত্র পেয়েছেন।
চলতি বছরে এ পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৭ হাজার ৪২৯ জন। একই সময়ে মৃত্যু হয়েছে ৩১ জনের। এর মধ্যে জানুয়ারিতে ১০ জন, ফেব্রুয়ারিতে ৩ জন, এপ্রিলে ৭ জন, মে মাসে ৩ জন ও চলতি জুন মাসে ৮ জন নিহত হয়েছে।
এর আগে, গত ২০২৪ সালে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে এক লাখ এক হাজার ২১৪ জন এবং মারা গেছেন ৫৭৫ জন।





