বাড়ছে না মনোনয়নপত্র জমার সময়

বাড়ছে না মনোনয়নপত্র জমার সময়
নিজস্ব প্রতিবেদক

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের সময়সীমা বাড়ানোর কোনো সম্ভাবনা নেই বলে সাফ জানিয়ে দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। পূর্বঘোষিত সময়সূচি অনুযায়ী, আজ সোমবারই (২৯ ডিসেম্বর) ছিল মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন।

সোমবার বিকেলে নির্বাচন কমিশন সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ইসি সচিব আখতার আহমেদ এই সিদ্ধান্তের কথা জানান।

তিনি বলেন, মনোনয়নপত্র দাখিলের সময় বাড়ানোর বিষয়ে কমিশনের কাছে নতুন কোনো নির্দেশনা নেই এবং এ সংক্রান্ত কোনো পরিকল্পনাও নেওয়া হয়নি।

এর আগে নির্বাচন কমিশনার আব্দুর রহমান মাছউদ একই প্রসঙ্গে জানান, বড় কোনো রাজনৈতিক দলের পক্ষ থেকে সময় বাড়ানোর বিষয়ে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক আবেদন কমিশনের কাছে আসেনি। ফলে নির্ধারিত সময়েই এই প্রক্রিয়া শেষ হচ্ছে।

এসময় তিনি আরও যুক্ত করেন, সময় বৃদ্ধির বিষয়ে কোনো তথ্য আপাতত তাঁর কাছে নেই।

ইসির সংশোধিত তফসিল অনুযায়ী, আজ মনোনয়নপত্র জমা নেওয়ার পর আগামীকাল ৩০ ডিসেম্বর থেকে ২০২৬ সালের ৪ জানুয়ারি পর্যন্ত চলবে দাখিলকৃত মনোনয়নপত্রের যাচাই-বাছাই। কমিশনের প্রাথমিক সিদ্ধান্তের বিরুদ্ধে কেউ আপিল করতে চাইলে ৫ থেকে ৯ জানুয়ারির মধ্যে তা করা যাবে, যা ১০ থেকে ১৮ জানুয়ারির মধ্যে নিষ্পত্তি করবে ইসি।

তফসিল অনুযায়ী, প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় নির্ধারণ করা হয়েছে ২০ জানুয়ারি। পরদিন অর্থাৎ ২১ জানুয়ারি প্রতীক বরাদ্দ করবেন রিটার্নিং কর্মকর্তারা। প্রতীক পাওয়ার পর ২২ জানুয়ারি থেকে প্রার্থীরা নির্বাচনী প্রচারণা শুরু করতে পারবেন, যা চলবে ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে সাতটা পর্যন্ত। সবশেষে ১২ ফেব্রুয়ারি সারা দেশে একযোগে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

এমএ

Leave a Reply

scroll to top