নির্বাচনী সমঝোতা

হাসনাতের সমর্থনে সরে দাঁড়ালেন জামায়াত প্রার্থী সাইফুল

হাসনাতের সমর্থনে সরে দাঁড়ালেন জামায়াত প্রার্থী সাইফুল
নিজস্ব প্রতিবেদক

আসন্ন সংসদ নির্বাচনকে কেন্দ্র করে আসন সমঝোতার অংশ হিসেবে কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসন থেকে প্রার্থিতা প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন জামায়াতে ইসলামীর প্রার্থী সাইফুল ইসলাম শহীদ। ওই আসনে নবগঠিত ১০ দলীয় জোটের প্রার্থী হিসেবে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহকে সমর্থন জানিয়েছেন তিনি।

রোববার (২৮ ডিসেম্বর) রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক বার্তায় সাইফুল ইসলাম শহীদ নির্বাচনী লড়াই থেকে সরে দাঁড়ানোর এই সিদ্ধান্তের কথা জানান।

প্রার্থিতা প্রত্যাহারের বিষয়ে জানতে চাইলে কুমিল্লা উত্তর জেলা জামায়াতের সেক্রেটারি সাইফুল ইসলাম শহীদ বলেন, বৃহত্তর রাজনৈতিক লক্ষ্য এবং জোটের ঐক্য সুসংহত করতে কেন্দ্রের নির্দেশ অনুযায়ী আমি এই সিদ্ধান্ত নিয়েছি। আমরা নীতি ও আদর্শের রাজনীতি করি। দলের যেকোনো সিদ্ধান্ত বাস্তবায়ন করা আমাদের সাংগঠনিক দায়িত্ব।

নির্বাচনী প্রচারণায় অংশ নেওয়া দলীয় নেতা-কর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি আরও বলেন, গত কয়েক মাস ধরে নেতা-কর্মীরা আমার জন্য মাঠে অক্লান্ত পরিশ্রম করেছেন। তাদের প্রতি আমি ঋণী। তবে বৃহত্তর স্বার্থে আমরা সবাই এখন থেকে ঐক্যবদ্ধভাবে কাজ করব।

এর আগে, গতকাল রোববার বিকেলে জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে নতুন রাজনৈতিক জোটের রূপরেখা তুলে ধরেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

জামায়াতের নেতৃত্বাধীন বিদ্যমান ৮ দলীয় জোটের সঙ্গে কর্নেল (অব.) অলি আহমদের লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) যুক্ত হয়ে এখন ১০ দলীয় জোটে রূপান্তরিত হয়েছে। জোটের শরিক দলগুলোর মধ্যে রয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ, খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত মজলিসসহ আরও বেশ কিছু ইসলামি ও সমমনা দল।

দলীয় সূত্রে জানা গেছে, আসন ভাগাভাগির অংশ হিসেবে নতুন শরিক এনসিপি সারা দেশে ৩০ থেকে ৩৫টি আসন পেতে পারে, যার মধ্যে রাজধানী ঢাকার পাঁচটি আসনও অন্তর্ভুক্ত রয়েছে। এরই ধারাবাহিকতায় কুমিল্লার দেবিদ্বার আসনটি হাসনাত আবদুল্লাহর জন্য ছেড়ে দিল জামায়াত।

এমএ

Leave a Reply

scroll to top