বিদেশে গিয়ে নির্ধারিত সময়ে কর্মস্থলে ফিরে না আসায় জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) প্রথম সচিব তানজিনা রইসকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।
বৃহস্পতিবার (১০ জুলাই) এনবিআর চেয়ারম্যান মো. আবদুর রহমানের সই করা এক প্রজ্ঞাপনে এ আদেশ জারি করা হয়।
এনবিআর সূত্রে জানা গেছে, প্রথম সচিব তানজিনা রইস ছুটি নিয়ে অস্ট্রেলিয়া গিয়েছিলেন। তবে নির্ধারিত সময় পার হয়ে যাওয়ার পরও তিনি দেশে ফিরে আসেননি এবং কর্তৃপক্ষের বারবার নোটিশ পাঠানো সত্ত্বেও তিনি কোনো সন্তোষজনক জবাব দেননি।
প্রজ্ঞাপনে বলা হয়, সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮-এর ৩(খ) ও ৩(গ) ধারা অনুযায়ী তার বিরুদ্ধে ‘অসদাচরণ’ ও ‘পলায়ন’-এর অভিযোগ আনা হয়েছে।
বিধিমালার ধারা ১২(১) অনুযায়ী, তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বরখাস্তকালীন সময়ে তিনি প্রযোজ্য বিধি অনুযায়ী খোরপোষ ভাতা পাবেন।
এ আদেশ জনস্বার্থে জারি করা হয়েছে এবং তা অবিলম্বে কার্যকর হবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।
এ বিষয়ে এনবিআর কর্তৃপক্ষ বলছে, কোনো কর্মকর্তা বিদেশে অবস্থানকালে অনির্ধারিতভাবে কর্মস্থলে অনুপস্থিত থাকলে তা শাস্তিযোগ্য অপরাধ হিসেবে গণ্য হয় এবং সে অনুযায়ী বিভাগীয় ব্যবস্থা নেওয়া হয়।





