সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘনিষ্ঠ হিসেবে পরিচিত বিচারপতি বিকাশ কুমার সাহাসহ দেশের ১৮ জন বিচারককে অবসরে পাঠিয়েছে সরকার।
বৃহস্পতিবার (১০ জুলাই) রাষ্ট্রপতির আদেশক্রমে আইন মন্ত্রণালয় এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করে।
প্রজ্ঞাপনে বলা হয়, “বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিসের নিম্নবর্ণিত ১৮ জন বিচারককে সরকারি চাকরি আইন, ২০১৮-এর ধারা ৪৫ অনুযায়ী রাষ্ট্রপতির আদেশক্রমে স্বাভাবিক বয়সসীমা পূর্ণ হওয়ার আগেই জনস্বার্থে অবসরে পাঠানো হলো।”
সরকারি সূত্র জানিয়েছে, যাদের অবসরে পাঠানো হয়েছে, তাদের মধ্যে কয়েকজনের বিরুদ্ধে পেশাগত দায়িত্ব পালনে পক্ষপাতদুষ্ট আচরণ, দুর্নীতির অভিযোগ ও রাজনৈতিক সংশ্লিষ্টতা নিয়ে নানা আলোচনা চলছিল দীর্ঘদিন ধরে।
তবে আইন মন্ত্রণালয় প্রজ্ঞাপনে অবসরের সুনির্দিষ্ট কারণ উল্লেখ করেনি।
বিচারপতি বিকাশ কুমার সাহা আওয়ামী লীগ সরকারের সময় একাধিক আলোচিত রাজনৈতিক মামলার রায়ের সঙ্গে সংশ্লিষ্ট ছিলেন। তাকে আওয়ামী লীগ সরকারের “ঘনিষ্ঠ” ও “বিশ্বস্ত” হিসেবে অভিহিত করে সমালোচনা করে আসছিল বিরোধী দল ও বিভিন্ন আইনজীবী সংগঠন।
প্রজ্ঞাপন জারির পর বিচার বিভাগে বড় ধরনের রদবদলের ইঙ্গিত দেখছেন সংশ্লিষ্ট মহল। অনেকে মনে করছেন, এটি বিচারব্যবস্থার শুদ্ধি প্রক্রিয়ার অংশ হতে পারে।
আইন মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, অবসরে পাঠানো বিচারকদের তালিকা ও তাদের অবস্থান সংক্রান্ত বিস্তারিত তথ্য শিগগিরই গণমাধ্যমে প্রকাশ করা হবে।





