রিটার্ন জমার সময় আরও একমাস বাড়াল এনবিআর

রিটার্ন জমার সময় আরও একমাস বাড়াল এনবিআর
নিজস্ব প্রতিবেদক

অনলাইনে আয়কর রিটার্ন দাখিলের সময়সীমা আরও এক মাস বাড়িয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, করদাতারা আগামী ৩১ জানুয়ারি, ২০২৬ পর্যন্ত কোনো জরিমানা ছাড়াই অনলাইনে তাদের রিটার্ন জমা দিতে পারবেন। এর আগে এই সময়সীমা ছিল ৩১ ডিসেম্বর পর্যন্ত।

রোববার (২৮ ডিসেম্বর) এনবিআর থেকে জারি করা এক বিশেষ আদেশে সময় বাড়ানোর এই সিদ্ধান্তের কথা জানানো হয়। মূলত করদাতাদের সুবিধার্থে এবং সবার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ নিশ্চিত করতেই এই উদ্যোগ নিয়েছে সংস্থাটি।

আয়কর আইন অনুযায়ী, স্বাভাবিক সময়ে রিটার্ন জমা দেওয়ার শেষ তারিখ ছিল ৩০ নভেম্বর। তবে ব্যবসায়ী ও সাধারণ করদাতাদের অনুরোধের প্রেক্ষিতে এনবিআর প্রথমে তা বাড়িয়ে ৩১ ডিসেম্বর করেছিল। এখন দ্বিতীয় দফায় সময় বাড়িয়ে ২০২৬ সালের জানুযারি শেষ পর্যন্ত নির্ধারণ করা হলো।

সংস্থাটির সর্বশেষ পরিসংখ্যান বলছে, চলতি ২০২৫-২৬ করবর্ষে এখন পর্যন্ত ই-রিটার্ন জমা দিতে নিবন্ধন করেছেন প্রায় ৪২ লাখের বেশি করদাতা। তাদের মধ্যে এখন পর্যন্ত ২৬ লাখের বেশি মানুষ সফলভাবে রিটার্ন দাখিল করেছেন। তবে নিবন্ধিতদের মধ্যে এখনও প্রায় ১৫ থেকে ১৬ লাখ করদাতা রিটার্ন জমা দেওয়ার প্রক্রিয়ায় রয়েছেন।

এনবিআর জানিয়েছে, অনলাইনে রিটার্ন জমার প্রতি আগ্রহ বাড়ছে। বর্তমানে প্রতিদিন গড়ে ১৫ হাজারেরও বেশি নতুন করদাতা ডিজিটাল প্ল্যাটফর্মে নিবন্ধিত হচ্ছেন। করদাতাদের এই ব্যাপক সাড়াকে বিবেচনায় নিয়েই সময় বাড়ানোর যৌক্তিক সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ।

এমএ

Leave a Reply

scroll to top