আজ ঐতিহাসিক ‘জুলাই শহীদ দিবস’। গত বছরের এই দিনে কোটাবিরোধী আন্দোলনে পুলিশের গুলিতে নিহত হন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ। তার স্মরণে এবারই প্রথমবারের মতো সরকার ১৬ জুলাইকে ‘জুলাই শহীদ দিবস’ হিসেবে রাষ্ট্রীয়ভাবে ঘোষণা করে শোক পালন করছে।
এ উপলক্ষে আজ বুধবার (১৬ জুলাই) সারাদেশে রাষ্ট্রীয় শোক পালিত হচ্ছে। মন্ত্রিপরিষদ বিভাগ গত ২ জুলাই একটি প্রজ্ঞাপন জারি করে দিবসটি পালনের নির্দেশনা দেয়।
মন্ত্রিপরিষদ বিভাগের উপসচিব তানিয়া আফরোজ স্বাক্ষরিত ওই প্রজ্ঞাপনে বলা হয়, “সরকার প্রতি বছর ১৬ জুলাই ‘জুলাই শহীদ দিবস’ হিসেবে পালন করার সিদ্ধান্ত নিয়েছে এবং জাতীয় ও আন্তর্জাতিক দিবস পালন সংক্রান্ত পরিপত্র অনুযায়ী দিবসটিকে ‘খ’ শ্রেণিভুক্ত দিবস হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে।”
দিবসটি উপলক্ষে আজ দেশের সব সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান, বিদেশে বাংলাদেশ মিশন এবং অন্যান্য গুরুত্বপূর্ণ স্থাপনায় জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়েছে।
এ ছাড়া শহীদদের রুহের মাগফিরাত কামনায় দেশের সব মসজিদে বিশেষ দোয়ার আয়োজন করা হচ্ছে। অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠানেও শহীদদের আত্মার শান্তির জন্য বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়েছে।
প্রসঙ্গত, ২০২৪ সালের ১৬ জুলাই রংপুরে কোটা সংস্কার আন্দোলনের সময় পুলিশের গুলিতে নিহত হন ইংরেজি বিভাগের শিক্ষার্থী ও আন্দোলনের অন্যতম সমন্বয়ক আবু সাঈদ। ওই ঘটনার ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে দেশজুড়ে প্রতিবাদের ঢেউ ওঠে।
সরকারের পক্ষ থেকে পরে তার মৃত্যুকে ‘রাষ্ট্রীয় শহীদ’ মর্যাদা দেওয়া হয় এবং ১৬ জুলাইকে ‘জুলাই শহীদ দিবস’ ঘোষণা করা হয়।





