জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের স্বাস্থ্যের অবস্থা এখন উন্নতির দিকে রয়েছে। সম্প্রতি রাজধানীর ইউনাইটেড হাসপাতালে তার ওপেন হার্ট সার্জারি সম্পন্ন হয়েছে। অস্ত্রোপচারের পর তিনি সুস্থ আছেন এবং বর্তমানে কেবিনে থেকে চিকিৎসকের তত্ত্বাবধানে অবস্থান করছেন।
জামায়াতে ইসলামী ঢাকা মহানগর দক্ষিণ শাখার প্রচার ও মিডিয়া সেক্রেটারি আব্দুস সাত্তার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, জামায়াত আমির বর্তমানে নিজ হাতে খাওয়া-দাওয়া করছেন এবং তার শরীরিক অবস্থা দিন দিন উন্নতি করছে। আব্দুস সাত্তার আরও বলেন, “যদি শারীরিক উন্নতি অব্যাহত থাকে, তাহলে আগামী সপ্তাহে তাকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হতে পারে। তবে এটি নির্ভর করছে চিকিৎসকদের চূড়ান্ত সিদ্ধান্তের ওপর।”
অপারেশনের সময় ইউনাইটেড হাসপাতালের চিফ কার্ডিয়াক সার্জন ডা. জাহাঙ্গীর কবিরের নেতৃত্বে একটি অভিজ্ঞ চিকিৎসক দল সার্জারিতে অংশ নেন। গত ২ আগস্ট সকাল ৭টায় ডা. শফিকুর রহমানকে অপারেশন থিয়েটারে নেওয়া হয় এবং সফলভাবে তার হৃদ্যন্ত্রে অস্ত্রোপচার সম্পন্ন হয়। সার্জারির পর থেকেই নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছিল তাকে।
এদিকে, গতকাল বুধবার ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মাওলানা মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করিম হাসপাতালে গিয়ে জামায়াত আমিরকে দেখতে যান। তিনি জামায়াত নেতার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে তার দ্রুত আরোগ্য কামনায় মহান আল্লাহর দরবারে দোয়া করেন। জামায়াতের প্রচার বিভাগ এই তথ্য জানিয়েছে।
জামায়াতে ইসলামীর পক্ষ থেকে জানানো হয়েছে, ডা. শফিকুর রহমান এখন আগের চেয়ে অনেকটাই ভালো আছেন এবং তিনি দেশবাসীর কাছে তার পরিপূর্ণ সুস্থতার জন্য দোয়া চেয়েছেন।
তার চিকিৎসা ও সুস্থতা নিয়ে দলীয়ভাবে নিয়মিত খোঁজখবর রাখা হচ্ছে এবং সংশ্লিষ্ট সকলকে ধৈর্য ও প্রার্থনার সঙ্গে পরিস্থিতি পর্যবেক্ষণের অনুরোধ জানানো হয়েছে। সার্জারি সফলভাবে সম্পন্ন হওয়ায় দলের নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে স্বস্তি ফিরেছে বলে জানিয়েছে দলীয় সূত্র।





