হাসপাতাল ছাড়লেন জামায়াত আমির

২৪ ঘণ্টা বাংলাদেশ রিপোর্ট
  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ১২ আগস্ট, ২০২৫

হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর মঙ্গলবার (১২ আগস্ট) দুপুরে তাকে বাসায় নেওয়া হয়েছে বলে জানিয়েছেন দলটির নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের।

এদিন বেলা ১১টার দিকে হাসপাতাল প্রাঙ্গণে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি বলেন, “আমাদের আমির ডা. শফিকুর রহমান আজ হাসপাতাল ত্যাগ করছেন। তিনি এখন সুস্থ আছেন। তাকে বাসায় নিয়ে যাওয়া হচ্ছে। যদিও এটি একটি বড় ধরনের অপারেশন ছিল, তবুও আলহামদুলিল্লাহ রিকভারি ভালোভাবে হচ্ছে।”

তিনি জানান, ডা. শফিকুর রহমান আগামী দুই সপ্তাহ বাসায় রুটিন অনুযায়ী বিশ্রামে থাকবেন। তবে এ সময় তিনি কর্মক্ষম থাকবেন এবং দলীয় নেতাকর্মীদের পরামর্শ দেবেন। আশা করা হচ্ছে, তিনি তিন সপ্তাহের মধ্যে জনসাধারণের সামনে আসতে পারবেন।

নায়েবে আমির বলেন, “এই হাসপাতালের চেয়ারম্যান থেকে শুরু করে আয়া, সুইপার—সবাই শতভাগ নিষ্ঠা ও আন্তরিকতা নিয়ে আমাদের আমিরের সেবায় নিয়োজিত ছিলেন। অধ্যাপক জাহাঙ্গীর কবির, মনিরুজ্জামান এবং হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালকসহ সংশ্লিষ্ট সকলকে জামায়াত ইসলামী ও জাতির পক্ষ থেকে আন্তরিক কৃতজ্ঞতা জানাই।”

তিনি আরও বলেন, “আমাদের আমির কেবল দলের নেতা নন, পুরো জাতির একজন অপরিহার্য নেতা হিসেবে গণ্য হন। হাজার হাজার মানুষ তাকে দেখতে চেয়েছেন, অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তিও এসেছেন। যাদের দেখা করার সুযোগ হয়নি, তাদের প্রতিও আমরা কৃতজ্ঞ।”

প্রেস ব্রিফিংয়ে জানানো হয়, ডা. শফিকুর রহমানের সুস্থতার জন্য অনেকেই রোজা রেখেছেন, নফল নামাজ আদায় করেছেন। দোয়ার মাধ্যমে সবাই তার জন্য শুভকামনা জানিয়েছেন।

সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, “সবার দোয়ায় তিনি সুস্থ হয়েছেন। আল্লাহর অশেষ রহমতে তিনি এখন ভালো আছেন। সবাই তার জন্য দোয়া করবেন।”

আরও
© All rights reserved © 2026 24ghantabangladesh
Developer Design Host BD