ইরান ও ইসরায়েলের মধ্যে চলমান উত্তেজনার নবম দিনে এসে আবারও রক্তাক্ত হলো ইসরায়েল। শুক্রবার ইরানের ছোড়া ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলের উত্তরাঞ্চলীয় বন্দরনগরী হাইফায় অন্তত ৩৩ জন আহত হয়েছেন, যার মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।
যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম সিএনএন স্থানীয় হাসপাতাল রামবাম মেডিকেল সেন্টার-এর বরাত দিয়ে জানায়, গুরুতর আহত ব্যক্তিকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। এছাড়া প্রাথমিক চিকিৎসা নিয়েছেন আরও অন্তত ১৬ জন।
উল্লেখ্য, ১৩ জুন থেকে ইরান ও ইসরায়েলের মধ্যে উত্তেজনা বেড়েছে পাল্টাপাল্টি হামলার মাধ্যমে। এ পর্যন্ত ইরানের হামলায় ইসরায়েলে ২৪ জন প্রাণ হারিয়েছেন, জানিয়েছে দেশটির জরুরি সেবা সংস্থা মাগেন ডেভিড অ্যাডম।
উত্তর প্রান্তের হাইফায় হামলার পর, ইসরায়েলও পাল্টা হামলা চালায়। তাদের চালানো বিমান হামলায় ইরানের কোম শহরের একটি আবাসিক ভবন লক্ষ্যবস্তু হয়। এতে ১৬ বছর বয়সী এক কিশোর নিহত এবং আরও দুজন আহত হন বলে জানিয়েছে ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা তাসনিম, যা পরে আল-জাজিরা নিশ্চিত করে।
হামলার মূল লক্ষ্য কে ছিলেন তা স্পষ্ট নয়, তবে স্থানীয়দের ধারণা, এটি ছিল একটি “চিহ্নিত লক্ষ্যবস্তুর ওপর নির্ভুল আঘাত”।
শনিবার সকালেও উত্তেজনার রেশ কাটেনি। ইরানের রাজধানী তেহরান এবং শহর ইস্পাহানের আকাশে একাধিক বিস্ফোরণের শব্দ শোনা গেছে। এ সংক্রান্ত বেশ কিছু ভিডিও ও ছবি ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
আল-জাজিরার তথ্য যাচাইকারী দল ভিডিওগুলোর সত্যতা নিশ্চিত করেছে। যদিও এসব বিস্ফোরণের প্রকৃতি বা উৎস সম্পর্কে এখনো স্পষ্ট কোনো বক্তব্য দেয়নি ইরানি কর্তৃপক্ষ।





