ভারত থেকে ১ লাখ ৮০ হাজার টন ডিজেল কিনবে সরকার

New-Project-2.jpg
নিজস্ব প্রতিবেদক

ভারত থেকে চলতি বছরের জানুয়ারি থেকে ডিসেম্বর সময়ে ১ লাখ ৮০ হাজার টন ডিজেল আমদানির সিদ্ধান্ত নিয়েছে সরকার। এ লক্ষ্যে সরকারি ক্রয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি অনুমোদন দিয়েছে।

মঙ্গলবার (৬ জানুয়ারি) সচিবালয়ে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে এই আমদানির প্রস্তাব অনুমোদন করা হয়।

বৈঠক সূত্র জানায়, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ ভারতের নুমালীগড় রিফাইনারি লিমিটেড (এনআরএল) থেকে জানুয়ারি থেকে ডিসেম্বর সময়ের মধ্যে ১ লাখ ৮০ হাজার টন ডিজেল আমদানির প্রস্তাব উপস্থাপন করে। প্রস্তাবটি পর্যালোচনা শেষে কমিটি অনুমোদন দেয়।

জানা গেছে, বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) ২০২৬ সালের পরিশোধিত জ্বালানি তেল আমদানির প্রস্তাব ২০২৫ সালের ২২ অক্টোবর অর্থনৈতিক বিষয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভায় নীতিগত অনুমোদন পায়। এর ধারাবাহিকতায় ভারতের রাষ্ট্রায়ত্ত নুমালীগড় রিফাইনারি লিমিটেডের সঙ্গে মেয়াদি চুক্তির আওতায় আলোচনার মাধ্যমে মূল্য নির্ধারণ করে ১ লাখ ৮০ হাজার টন ডিজেল আমদানির সিদ্ধান্ত নেওয়া হয়।

এই আমদানিতে ব্যয় ধরা হয়েছে ১১ কোটি ৯১ লাখ ৩৩ হাজার ২১৬ মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১ হাজার ৪৬১ কোটি ৭৬ লাখ টাকা। প্রতি ব্যারেল ডিজেলের প্রিমিয়াম ধরা হয়েছে ৫ দশমিক ৫০ মার্কিন ডলার এবং রেফারেন্স প্রাইস ৮৩ দশমিক ২২ মার্কিন ডলার।

উল্লেখ্য, ভারতের সঙ্গে ১৫ বছর মেয়াদি চুক্তির আওতায় বাংলাদেশ ২০১৬ সাল থেকে ডিজেল আমদানি করছে। শুরুতে রেল ওয়াগনের মাধ্যমে এবং ২০২৩ সালের ১৮ মার্চ থেকে ইন্ডিয়া-বাংলাদেশ ফ্রেন্ডশিপ পাইপলাইনের মাধ্যমে নিয়মিতভাবে ডিজেল আমদানি করা হচ্ছে।

Leave a Reply

scroll to top