ঢাকা মেডিকেল কলেজের একাডেমিক কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কলেজ প্রশাসন। একইসঙ্গে, আগামীকাল রোববার (২২ জুন) বেলা ১২টার মধ্যে শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে। শনিবার (২১ জুন) কলেজ প্রশাসনের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ সিদ্ধান্ত জানানো হয়।
ঢাকা মেডিকেল কলেজ কর্তৃপক্ষ জানায়, শনিবার কলেজের একাডেমিক কাউন্সিলের জরুরি সভায় চলমান অচলাবস্থা নিরসনে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, একাডেমিক কার্যক্রম বন্ধের পাশাপাশি ছাত্র-ছাত্রীদের নির্ধারিত সময়ের মধ্যে হল ত্যাগ করতে হবে। তবে, এ সিদ্ধান্ত থেকে পেশাগত এমবিবিএস পরীক্ষার্থী ও বিদেশি শিক্ষার্থীরা অব্যাহতি পাবেন।
এর আগে শনিবার সকালেই নিরাপদ ক্যাম্পাস ও আবাসনের দাবিতে আন্দোলনে নামে কলেজের শিক্ষার্থীরা। তারা কলেজ প্রাঙ্গণে অবস্থান কর্মসূচি পালন করে। শিক্ষার্থীরা অভিযোগ করেন, একাডেমিক ভবনের ছাদের পলেস্তারা খসে পড়ছে, কিন্তু কর্তৃপক্ষ তা আমলে নিচ্ছে না।
তাদের আরও অভিযোগ, ফজলে রাব্বি হল ও আরও একটি ছাত্রাবাস ব্যবহারের অনুপযোগী, এবং ছাত্রী হলেও সিলিং খসে পড়ার ঘটনা ঘটছে। এই দুরবস্থার কারণে যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন শিক্ষার্থীরা।
আন্দোলনকারী শিক্ষার্থীরা ঘোষণা দিয়েছেন, আবাসন সংকট সমাধান না হওয়া পর্যন্ত তারা ক্লাসে ফিরবেন না। এ সময় তারা অভিযোগ করেন, প্রতি বছর বাজেটে মেডিকেল শিক্ষার্থীদের আবাসন নিয়ে সুনির্দিষ্ট বরাদ্দ রাখা হয় না। তাই এই সমস্যা বছরের পর বছর ধরে চলছে।
তারা দাবি জানান, চলতি বাজেটেই যেন এই সংকট নিরসনে প্রয়োজনীয় অর্থ বরাদ্দ দেওয়া হয় এবং দ্রুত হল সংস্কার ও নতুন আবাসনের ব্যবস্থা করা হয়।





