ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ৫ মৃত্যু, হাসপাতালে ১৫৯

২৪ ঘণ্টা বাংলাদেশ রিপোর্ট
  • সর্বশেষ আপডেট : শুক্রবার, ১৩ জুন, ২০২৫

দেশে এডিস মশাবাহিত ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় রেকর্ড সংখ্যক ৫ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে আরও ১৫৯ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। চলতি বছর একদিনে ডেঙ্গুতে এটিই সর্বোচ্চ মৃত্যুর ঘটনা। স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে শুক্রবার (১৩ জুন) পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় মৃত ৫ জনের মধ্যে ৪ জনই বরিশাল বিভাগের বাসিন্দা। এছাড়াও, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় ১ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৮ জনে।

নতুন আক্রান্ত ১৫৯ জনের মধ্যে বরিশাল বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) আক্রান্তের সংখ্যা সবচেয়ে বেশি, ১২৪ জন। এছাড়া, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ১২ জন, চট্টগ্রাম বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৯ জন, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৯ জন, খুলনা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৩ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ১ জন এবং সিলেট বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ১০৪ জন ডেঙ্গু রোগী হাসপাতাল থেকে সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন। চলতি বছর এ পর্যন্ত মোট ৫ হাজার ১১ জন রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন।

চলতি বছরের ১৩ জুন পর্যন্ত মোট ডেঙ্গু আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৫ হাজার ৫৭০ জন। আক্রান্তদের মধ্যে ৫৫.৩ শতাংশ পুরুষ এবং ৪৪.৭ শতাংশ নারী।

২০২৪ সালের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত (পুরো বছর) মোট ডেঙ্গু আক্রান্ত হয়েছিলেন ১ লাখ ১ হাজার ২১৪ জন এবং এই সময়ে ডেঙ্গুতে মোট ৫৭৫ জনের মৃত্যু হয়েছিল।

প্রসঙ্গত, এর আগে ২০২৩ সালে ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট ১ হাজার ৭০৫ জনের মৃত্যু হয় এবং ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন হাসপাতালে ভর্তি হয়েছিলেন।

আরও
© All rights reserved © 2026 24ghantabangladesh
Developer Design Host BD