শুল্ক-কর জমা এখন অনলাইনে: চালু হলো ‘এ-চালান’ সেবা

A-challan-a1ce1583b75622e87d8d2a1f8292e663.jpg
মো: আল মামুন ২৪ ঘণ্টা বাংলাদেশ

সরকারি কোষাগারে শুল্ক ও কর জমা দেওয়ার জন্য অনলাইনে ‘এ-চালান’ সেবা চালু করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। অর্থ বিভাগ ও এনবিআরের যৌথ উদ্যোগে নতুন অর্থবছরের শুরুতেই এ সেবা চালু হয়।

এ-চালান ব্যবস্থায় আমদানিকারক, রফতানিকারক ও তাদের মনোনীত সিঅ্যান্ডএফ এজেন্টরা ঘরে বসেই ২৪ ঘণ্টা, ৭ দিন যেকোনো সময় শুল্ক ও কর অনলাইনে পরিশোধ করতে পারবেন।

এতে এনবিআরের কাস্টমস সিস্টেম ‘অ্যাসিকুডা ওয়ার্ল্ড’ এবং অর্থ বিভাগের ‘আইবিএএস++’ প্ল্যাটফর্মের মধ্যে সফল ইন্টিগ্রেশন হয়েছে। ফলে ইন্টারনেট ব্যাংকিং, ডেবিট/ক্রেডিট কার্ড, বিকাশ, নগদ, উপায়, রকেটসহ বিভিন্ন মাধ্যমে তাৎক্ষণিকভাবে অর্থ জমা দেওয়া সম্ভব হবে।

দেশের ৬১টি ব্যাংকের ১১,৭০০ শাখা থেকেও চেক ক্লিয়ারিং বা অ্যাকাউন্ট ডেবিটের মাধ্যমে পেমেন্ট দেওয়া যাবে। পেমেন্ট শেষে প্রাপ্ত রসিদ নম্বর দেখিয়ে দ্রুত পণ্য খালাস করা যাবে।

আগে দিনের নির্দিষ্ট সময়ে অর্থ জমা দিলেও তা কোষাগারে পৌঁছাতে সময় লাগত। এখন তাৎক্ষণিক জমা নিশ্চিত হওয়ায় সরকারি রাজস্ব ব্যবস্থাপনায় গতি ও স্বচ্ছতা আসবে।

চট্টগ্রাম কাস্টম হাউসে ৩ জুলাই থেকে আনুষ্ঠানিকভাবে এ-চালান সিস্টেম চালু হয়। প্রথম দিনেই ৭৫টি বিল অব এন্ট্রির বিপরীতে ১৩ কোটির বেশি টাকার রাজস্ব জমা হয়।

জাতীয় রাজস্ব বোর্ড জানিয়েছে, ৭ জুলাই থেকে দেশের সব কাস্টমস স্টেশনেই এ-চালান কার্যক্রম চালু হবে। এনবিআর আশা করছে, এতে রাজস্ব আহরণে স্বচ্ছতা নিশ্চিত হবে এবং সরকারি অর্থ ব্যবস্থাপনায় শৃঙ্খলা আসবে।

Leave a Reply

scroll to top