লঘুচাপ ও সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে টানা বৃষ্টির পূর্বাভাস

a97372a83500f192c8550c381dd9fc82dc1d0aefb8228494-2507101015.jpg
মো: আল মামুন নিজস্ব প্রতিবেদক:

সাগরে সৃষ্ট লঘুচাপ এবং সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে দেশে টানা বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছেন আন্তর্জাতিক আবহাওয়া বিশ্লেষক ও কানাডার সাসকাচুয়ান বিশ্ববিদ্যালয়ের গবেষক মোস্তফা কামাল পলাশ। তার মতে, চলমান বৃষ্টিপাত অন্তত আগামী শুক্রবার (১১ জুলাই) পর্যন্ত অব্যাহত থাকবে।

বৃহস্পতিবার (১০ জুলাই) দুপুরে দেওয়া এক বিশ্লেষণে তিনি জানান, যুক্তরাষ্ট্রভিত্তিক আবহাওয়া মডেল (GFS) ও বায়ুপ্রবাহ বিশ্লেষণে দেখা যাচ্ছে, বঙ্গোপসাগরের উপর সৃষ্ট মৌসুমি লঘুচাপটি এখনও সক্রিয় রয়েছে এবং এটি আরও ৪৮ ঘণ্টা পর্যন্ত স্থায়ী হতে পারে। এর প্রভাবে দেশের একাধিক বিভাগে মাঝারি থেকে ভারি বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে।

বিশেষত খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ঢাকা ও সিলেট বিভাগে বৃষ্টিপাত বেশি হতে পারে বলে তিনি সতর্ক করেছেন। এছাড়া উত্তর বঙ্গোপসাগর বর্তমানে অত্যন্ত উত্তাল, সেখানে গভীর সঞ্চরণশীল মেঘ সৃষ্টি হচ্ছে এবং সেখানকার জলীয় বাষ্পবাহী ঘন মেঘ বাংলাদেশের উপকূল হয়ে স্থলভাগে প্রবেশ করছে।

তিনি জানান, এই মেঘমালার বিস্তৃতি বরিশাল-খুলনা অঞ্চল থেকে শুরু করে চট্টগ্রাম, আরাকান পাহাড় এবং ভারতের ত্রিপুরা সীমান্ত পর্যন্ত ছড়িয়ে পড়েছে, ফলে মৌসুমি বায়ুর সক্রিয়তাও বাড়ছে।

এদিকে, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরও একই ধরনের পূর্বাভাস দিয়েছে। বৃহস্পতিবার সকাল ১০টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার জন্য দেওয়া বুলেটিনে বলা হয়েছে, দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু সক্রিয় থাকায় রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগে কোথাও কোথাও ভারি থেকে অতিভারি বৃষ্টিপাত হতে পারে।

চট্টগ্রামের পাহাড়ি এলাকায় অতিবৃষ্টির কারণে ভূমিধসের আশঙ্কা রয়েছে বলে সতর্কতা জারি করা হয়েছে। স্থানীয় প্রশাসনকে প্রস্তুত থাকতে বলা হয়েছে এবং ঝুঁকিপূর্ণ এলাকাগুলোর বাসিন্দাদের সরিয়ে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

মোস্তফা কামাল পলাশ জানান, পরিস্থিতির বর্তমান ধারা অব্যাহত থাকলে শনিবার (১৩ জুলাই) থেকে লঘুচাপের শক্তি ধীরে ধীরে কমে আসতে পারে এবং বৃষ্টির মাত্রাও হ্রাস পেতে পারে। তবে উপকূল ও পূর্বাঞ্চলে বিচ্ছিন্নভাবে বৃষ্টি রয়ে যেতে পারে এবং পুরোপুরি স্বাভাবিক হতে এক-দুই দিন সময় লাগতে পারে।

এদিকে বঙ্গোপসাগর উত্তাল থাকায় দেশের সমুদ্রবন্দরগুলোকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে গভীর সমুদ্রে যাওয়া থেকে বিরত থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

ঢাকাসহ বিভিন্ন শহরে গত কয়েকদিন ধরে হালকা থেকে মাঝারি এবং কখনো ভারি বৃষ্টিপাত হচ্ছে। এর ফলে ঢাকার নিচু এলাকায় জলাবদ্ধতা তৈরি হয়েছে এবং যানবাহন চলাচলেও ব্যাঘাত ঘটছে।

আবহাওয়া বিশেষজ্ঞদের মতে, সৃষ্ট পরিস্থিতিতে কৃষিজমিতে কিছুটা স্বস্তি এলেও পাহাড়ি এলাকায় ভূমিধস ও শহরাঞ্চলে জলাবদ্ধতার ভোগান্তি বাড়তে পারে। আবহাওয়া অধিদপ্তর ও সংশ্লিষ্ট সংস্থাগুলোর পরামর্শ অনুযায়ী, অন্তত ১২ জুলাই পর্যন্ত বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে।

জনসাধারণকে নিরাপদে থাকার, সরকারি নির্দেশনা মেনে চলার এবং সতর্কতা অবলম্বনের আহ্বান জানানো হয়েছে।

Leave a Reply

scroll to top