‘প্রার্থিতা প্রত্যাহার না করলে বিদ্রোহীদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে বিএনপি’

‘প্রার্থিতা প্রত্যাহার না করলে বিদ্রোহীদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে বিএনপি’
নিজস্ব প্রতিবেদক

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষিত সময়ের মধ্যে দলীয় সিদ্ধান্ত অমান্যকারী প্রার্থীরা মনোনয়ন প্রত্যাহার না করলে তাঁদের বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে বিএনপি।

শুক্রবার (৯ জানুয়ারি) বিকেলে রাজধানীর শেরেবাংলা নগরে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার স্মরণে আয়োজিত এক চিত্র প্রদর্শনী অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান এসব কথা জানান।

নজরুল ইসলাম খান বলেন, “বিএনপির মতো বড় দলে যোগ্য প্রার্থীর সংখ্যা অনেক। ফলে অনেকেই মনে করেছেন তিনি মনোনয়ন পেলে ভালো হতো এবং সেই জায়গা থেকেই কেউ কেউ প্রার্থী হয়েছেন। তবে প্রার্থিতা প্রত্যাহারের সময় এখনও শেষ হয়নি। আমরা তাঁদের দলীয় সিদ্ধান্তের প্রতি শ্রদ্ধাশীল হয়ে মনোনয়ন প্রত্যাহারের আহ্বান জানিয়েছি।”

তিনি আশা প্রকাশ করে বলেন, নির্ধারিত সময়ের মধ্যেই পরিস্থিতির উন্নতি হবে এবং অনেকেই এরই মধ্যে প্রার্থিতা প্রত্যাহারের বিষয়টি দলকে নিশ্চিত করেছেন। তবে যারা দলের নির্দেশ অমান্য করে নির্বাচনী মাঠে থেকে যাবেন, দল তাঁদের বিরুদ্ধে যথাযথ সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করবে।

দলের নেতৃত্বের বিষয়ে স্থায়ী কমিটির এই সদস্য বলেন, তারেক রহমান বর্তমানে দেশের অন্যতম জনপ্রিয় ব্যক্তিত্ব এবং রাজনীতির গুরুত্বপূর্ণ অংশীদার। দেশের মানুষ তাঁর মাধ্যমে একটি ইতিবাচক পরিবর্তন দেখতে চায়।

তিনি আরও যোগ করেন, “তারেক রহমান তাঁর পিতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং মাতা বেগম খালেদা জিয়ার আদর্শ ধারণ করে দেশমাতৃকার কল্যাণে কাজ করে যাচ্ছেন। দেশনেত্রী যেখানে কাজ রেখে গিয়েছেন, সেখান থেকেই তিনি নতুন পথচলা শুরু করবেন।”

দেশের চলমান আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে বিএনপির এই জ্যেষ্ঠ নেতা বলেন, গণতন্ত্র উত্তরণের পথে বাধা আসবেই, যা বর্তমান পরিস্থিতির মাধ্যমেও স্পষ্ট হচ্ছে। যারা নির্বাচন বা গণতন্ত্র চায় না, তারাই দেশে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করছে। এ সময় আইনশৃঙ্খলা রক্ষায় সরকারকে আরও সক্রিয় ও কৌশলী হওয়ার আহ্বান জানান তিনি।

শহীদ ওসমান হাদির ঘটনার উল্লেখ করে তিনি বলেন, দেশ ও সার্বভৌমত্বের পক্ষে যারা কাজ করে, তাদের সবসময়ই প্রতিকূলতার মোকাবিলা করতে হয়। সরকার যথাযথ ব্যবস্থা গ্রহণ করলে পরিস্থিতির দ্রুত উন্নতি হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

Leave a Reply

scroll to top