রাষ্ট্রপতি নির্বাচনে গোপন ব্যালটে ভোটের প্রস্তাব দিয়েছে বিএনপি: সালাহউদ্দিন

New-Project-97.jpg
২৪ ঘণ্টা বাংলাদেশ

রাষ্ট্রপতি নির্বাচনে গোপন ব্যালটে সংসদ সদস্যদের ভোট প্রদানের প্রস্তাব দিয়েছে বিএনপি। দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, “আমরা চাই রাষ্ট্রপতি নির্বাচন হোক সংসদ সদস্যদের স্বাধীন মতামতের ভিত্তিতে, গোপন ব্যালটের মাধ্যমে।”

বৃহস্পতিবার (২৬ জুন) জাতীয় প্রেস ক্লাবের অডিটোরিয়ামে নাগরিক ঐক্যের ১৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

সালাহউদ্দিন আহমদ আরও বলেন, “আমরা সংবিধানের ৭০ অনুচ্ছেদে সংস্কারের প্রস্তাব এনেছি এবং সব রাজনৈতিক দল এ বিষয়ে ঐকমত্যে পৌঁছেছে। রাষ্ট্রপতি নির্বাচনে গোপন ব্যালটের ব্যবস্থাও একটি বড় পরিবর্তন হবে। একইসঙ্গে, আমরা প্রস্তাব দিয়েছি—একজন ব্যক্তি সর্বোচ্চ ১০ বছর প্রধানমন্ত্রী থাকতে পারবেন। এটাও স্বৈরতন্ত্র রোধে গুরুত্বপূর্ণ একটি পদক্ষেপ।”

তিনি বলেন, “শুধু নির্বাহী বিভাগকে দুর্বল করলেই গণতন্ত্র শক্তিশালী হবে না। বরং আইনসভা, বিচার বিভাগ ও নির্বাহী বিভাগ—তিনটি অঙ্গকেই তাদের নিজ নিজ সাংবিধানিক সীমারেখার মধ্যে স্বাধীনভাবে কাজ করতে দিতে হবে। তবেই প্রকৃত সংস্কার সম্ভব হবে।”

তিনি আরও বলেন, “তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনঃপ্রতিষ্ঠা প্রয়োজন, যাতে করে একটি স্বাধীন নির্বাচন কমিশনের অধীনে স্বচ্ছ নির্বাচন হতে পারে। তত্ত্বাবধায়ক সরকার না থাকলে স্বৈরাচারের উৎপত্তি ঠেকানো যাবে না।”

বিচার বিভাগ নিয়ে বক্তব্য দিতে গিয়ে সালাহউদ্দিন বলেন, “শুধু সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের মাধ্যমেই বিচারক অপসারণ করা যায়। কিন্তু এটিই যেন একমাত্র শাস্তি না হয়। অধস্তন আদালতের জবাবদিহি নিশ্চিত করার জন্য সেক্রেটারিয়েট গঠন করলেই হবে না, কার্যকর বিধানও রাখতে হবে।”

তিনি বলেন, “স্বাধীন ও স্বচ্ছ বিচার ব্যবস্থা ছাড়া রক্ষাকবচ তৈরি হবে না। আর গণতন্ত্র টিকিয়ে রাখতে চাইলে সবচেয়ে জরুরি হলো—ফ্রিডম অফ প্রেস। যে দেশে সংবাদমাধ্যম শতভাগ স্বাধীন, সেই দেশেই গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়।”

সব রাজনৈতিক দলের প্রতি আহ্বান জানিয়ে বিএনপির এই নেতা বলেন, “আমরা সবাই মিলে চাই একটি কল্যাণমুখী রাষ্ট্র, বৈষম্যহীন সমাজ এবং গণতান্ত্রিক কাঠামোর ভিত গড়ে তুলতে। এজন্য প্রয়োজন জাতীয় ঐক্য এবং রাজনৈতিক সদিচ্ছা।”

সভায় নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্নার সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন ১২ দলীয় জোটপ্রধান মোস্তফা জামাল হায়দারসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা।

Leave a Reply

scroll to top