জিয়ানগর উপজেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

a16e0a12-dfd3-4241-b89a-9e54930e24e2.jpg
মো: আল মামুন মো. নাজমুল হোসেন, পিরোজপুর প্রতিনিধি:

দীর্ঘ ১৬ বছর পর সরাসরি কাউন্সিলরদের ভোটে অনুষ্ঠিত হলো পিরোজপুরের জিয়ানগর উপজেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন।

বৃহস্পতিবার (১০ জুলাই) সকাল ১০টা থেকে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে জাঁকজমকপূর্ণ আয়োজনে সম্মেলনের কার্যক্রম শুরু হয়। সম্মেলনে উপজেলার ২৭৮ জন কাউন্সিলর তিনটি পদে ভোট দিয়ে নেতা নির্বাচিত করেন।

নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও উপজেলা সম্মেলন পরিচালনা কমিটির আহ্বায়ক অ্যাডভোকেট আবুল কালাম আকন।

সম্মেলনের উদ্বোধন ঘোষণা করেন জেলা বিএনপির আহ্বায়ক অধ্যক্ষ আলমগীর হোসেন। সভাপতিত্ব করেন উপজেলা আহ্বায়ক ফরিদ আহমেদ এবং সঞ্চালনা করেন সদস্য সচিব আলমগীর কবির মান্নু।

সম্মেলনের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির বন ও পরিবেশ বিষয়ক সহ-সম্পাদক ও জেলা সম্মেলন প্রস্তুত কমিটির আহ্বায়ক কাজী রওনাকুল ইসলাম টিপু।

তিনি বলেন, “দীর্ঘ ১৬ বছরের রাজনৈতিক নিপীড়ন ও দমন-পীড়নের পর তৃণমূল পর্যায়ে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার অংশ হিসেবে এই সম্মেলন অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় আমরা গণতান্ত্রিক পদ্ধতিতে সরাসরি কাউন্সিলরদের ভোটে নেতা নির্বাচনের সিদ্ধান্ত নিয়েছি।”

সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক পদে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।

  • সভাপতি পদে তিনজন প্রতিদ্বন্দ্বী প্রার্থীর মধ্যে সর্বোচ্চ ভোট পেয়ে ফরিদ আহমেদ নির্বাচিত হন।

  • সাধারণ সম্পাদক পদে চার প্রার্থীর মধ্যে জয়ী হন যুগ্ম আহ্বায়ক আব্দুর রাজ্জাক হাওলাদার।

  • সাংগঠনিক সম্পাদক পদে ছয়জন প্রতিদ্বন্দ্বীর মধ্যে জয়ী হন যুগ্ম আহ্বায়ক এইচ.এম ফারুক হোসাইন।

সম্মেলনে আরও উপস্থিত ছিলেন—জেলা বিএনপির সদস্য সচিব গাজী ওয়াহিদুজ্জামান লাভলু, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এলিজা জামান, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শেখ রিয়াজউদ্দিন রানা, অ্যাড. আবুল কালাম আকন, যুবদলের কেন্দ্রীয় নেতা জাহাঙ্গীর আলম দুলাল, শ্রমিক দলের সাধারণ সম্পাদক আফজাল হোসেন টিপু প্রমুখ।

সম্মেলন শেষে বিজয়ী নেতাদের হাতে দায়িত্বভার তুলে দেন কেন্দ্রীয় ও জেলা পর্যায়ের নেতারা। অংশগ্রহণকারী কাউন্সিলর ও প্রার্থীদের আন্তরিক সহযোগিতার জন্য সভায় কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।

Leave a Reply

scroll to top