পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কে বাস ও র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-এর পিকআপের সাথে মুখোমুখি সংঘর্ষে র্যাব সদস্য ও শিশুসহ অন্তত তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও ২৭ জন, যাদের অনেক অবস্থা আশঙ্কাজনক।
আজ শনিবার (১১ অক্টোবর) সকাল ৯টার দিকে সড়কের ফতুল্লা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় মহাসড়কে প্রায় এক ঘণ্টা ধরে সব ধরনের যান চলাচল বন্ধ ছিল, যার ফলে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।
নিহতদের মধ্যে রয়েছেন- র্যাবের গাড়িচালক, সহকারী উপপরিদর্শক (এএসআই) আবদুল আলীম (৩৩)। অন্য দুইজন হলেন বাসের যাত্রী আফরোজা (৩৫) এবং দুই বছর বয়সী শিশু পিয়াম।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ধানসিঁড়ি পরিবহনের বাসটি কুয়াকাটা থেকে পটুয়াখালীর উদ্দেশ্যে আসছিল। অন্যদিকে র্যাবের পিকআপটি বরিশাল থেকে কুয়াকাটার দিকে যাচ্ছিল। ফতুল্লা এলাকায় পৌঁছালে দ্রুতগামী গাড়ি দুটির মধ্যে সরাসরি মুখোমুখি সংঘর্ষ হয়, এসময় প্রায় ৩০ জন যাত্রী আহত হন।
এ ঘটনার পরপরই উদ্ধারকাজে হাত লাগান স্থানীয় জনতা। তারা আহতদের উদ্ধার করে তাৎক্ষণিকভাবে পটুয়াখালী সদর হাসপাতালে পাঠান। সেখানে কর্তব্যরত চিকিৎসক শিশু পিয়ামকে মৃত ঘোষণা করেন। আর র্যাবের গাড়িচালক আবদুল আলীম এবং যাত্রী আফরোজাকে উন্নত চিকিৎসার জন্য লেবুখালী সেনানিবাসে নিয়ে যাওয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তারা মারা যান।
পটুয়াখালী সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সাজেদুল ইসলাম সজল ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি গণমাধ্যমকে জানান, নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে এবং আহতদের চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে।





