ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের বেসরকারি ফলাফলে নিরঙ্কুশ জয় পেয়ে সরকার গঠনের পথে রয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) নেতৃত্বাধীন জোট। ফলাফল অনুযায়ী, নতুন সরকারের নেতৃত্বে আসতে পারেন দলটির চেয়ারম্যান তারেক রহমান।
দলীয় সূত্র জানিয়েছে, সবকিছু ঠিক থাকলে তারেক রহমানই দেশের পরবর্তী প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন। তা বাস্তবায়িত হলে বাংলাদেশ প্রায় ৩৫ বছর পর আবার একজন পুরুষ প্রধানমন্ত্রী পাবে। এই দীর্ঘ সময়ে দেশ অধিকাংশ সময় নারী প্রধানমন্ত্রীর নেতৃত্বে পরিচালিত হয়েছে।
তবে এই বেসরকারি ফলাফল এখনো সরকার গঠন নিশ্চিত বা আনুষ্ঠানিক নয়। চূড়ান্ত ফলাফল ঘোষণা করবে বাংলাদেশ নির্বাচন কমিশন।
ইতিহাস অনুযায়ী, সর্বশেষ ১৯৮৯ সালে দেশের পুরুষ প্রধানমন্ত্রী ছিলেন কাজী জাফর আহমেদ। ১৯৯০ সালের পর থেকে দেশে আর কোনো পুরুষ প্রধানমন্ত্রী দায়িত্ব পালন করেননি। দীর্ঘ সময় ধরে সরকারপ্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন বিএনপির সাবেক চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।
এদিকে বিজয় উদযাপনকে কেন্দ্র করে কোনো ধরনের মিছিল না করার নির্দেশনা দিয়েছে বিএনপি। দলটির পক্ষ থেকে জানানো হয়েছে, নিরঙ্কুশ বিজয় উপলক্ষে বাদজুমা সারা দেশে শুকরিয়া আদায় করে বিশেষ দোয়ার আয়োজন করা হবে। পাশাপাশি অন্যান্য ধর্মীয় উপাসনালয়েও প্রার্থনার ব্যবস্থা করা হবে।





