শ্রীলঙ্কার কাছে টি-টোয়েন্টিতেও বড় ব্যবধানে হারল বাংলাদেশ

1752166540812.jpg

ছবি: সংগৃহীত

মো: আল মামুন খেলা প্রতিবেদক 

টেস্ট ও ওয়ানডে সিরিজের পর এবার টি-টোয়েন্টি সিরিজেও ব্যর্থতার ধারা অব্যাহত রাখল বাংলাদেশ। লঙ্কানদের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে ৭ উইকেটে হেরে গেছে লিটন দাসের দল।

দেহিওয়ালায় ১৫৫ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই আগ্রাসী ছিল শ্রীলঙ্কা। দুই ওপেনার পাথুম নিশাঙ্কা ও কুশল মেন্ডিস মাত্র কয়েক ওভারেই ম্যাচের মোড় ঘুরিয়ে দেন। প্রথম ওভারেই মোহাম্মদ সাইফউদ্দিনকে টানা তিনটি চার হাঁকিয়ে শুরু করেন নিশাঙ্কা। যদিও হাফ সেঞ্চুরি ছোঁয়ার আগেই ৪২ রানে থেমে যান তিনি—আউট করেন মেহেদী হাসান মিরাজ।

তবে মেন্ডিস ছিলেন দুর্দান্ত ফর্মে। ৫টি চার ও ৩টি ছক্কায় ৪৮ বলে ৭৩ রানের এক ঝকঝকে ইনিংস খেলে জয় প্রায় নিশ্চিত করে দেন। শেষদিকে আভিষ্কা ফার্নান্দো ও আসালাঙ্কা অবিচ্ছিন্ন থেকে ১ ওভার হাতে রেখেই দলকে জিতিয়ে মাঠ ছাড়েন।

এর আগে টস হেরে ব্যাট করতে নেমে বাংলাদেশ বেশ ভালো শুরু করেছিল। ওপেনার পারভেজ হোসেন ইমন ও তানজিদ হাসান তামিম প্রথম চার ওভারে তুলে ফেলেন ৩৮ রান। তবে পঞ্চম ওভারে তানজিদ (১৬) ফিরলে ছন্দপতন হয়। পাওয়ার প্লেতে দল সংগ্রহ করে ৫৪ রান।

কিন্তু এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারায় সফরকারীরা। অধিনায়ক লিটন দাস (৬), পারভেজ ইমন (৩৮), তাওহীদ হৃদয় (৯), মেহেদী হাসান মিরাজ (২৯) প্রত্যাশা পূরণে ব্যর্থ হন। শেষ দিকে নাইম শেখ (৩২*) ও শামীম পাটোয়ারির (২ ছক্কায় ১২) ব্যাটে ভর করে বাংলাদেশ সংগ্রহ করে ১৫৪ রান।

লঙ্কানদের হয়ে মাহিশ থিকশানা ২ উইকেট শিকার করেন। ম্যাচসেরা কুশল মেন্ডিস।

এই হারের ফলে টি-টোয়েন্টি সিরিজে ১-০তে পিছিয়ে পড়েছে বাংলাদেশ। সিরিজে ফেরার জন্য পরবর্তী ম্যাচে জয়ের বিকল্প নেই লিটনদের সামনে।

Leave a Reply

scroll to top