বিমানবন্দরে ম্যাগাজিন বহনের ঘটনা: ব্যাখ্যা দিলেন আসিফ মাহমুদ

New-Project-25-4.jpg
২৪ ঘণ্টা বাংলাদেশ

ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ব্যাগে ম্যাগাজিন থাকার ঘটনায় নিজের অবস্থান ব্যাখ্যা করেছেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। রোববার (৩০ জুন) ভোরে মরক্কোর মারাকেশে অনুষ্ঠেয় ‘ওআইসি ইয়ুথ ক্যাপিটাল ইন্টারন্যাশনাল প্রোগ্রামে’ অংশ নিতে দেশত্যাগের সময় স্ক্যানিংয়ে তার ব্যাগে একটি ম্যাগাজিন ধরা পড়ে। বিষয়টি সামাজিক মাধ্যমে আলোচনার জন্ম দিলে, রাতেই নিজের ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে একটি ব্যাখ্যা পোস্ট করেন তিনি।

ফেসবুক পোস্টে আসিফ মাহমুদ জানান, প্যাকিংয়ের সময় একটি ম্যাগাজিন ভুলবশত ব্যাগে থেকে যায়। স্ক্যানিংয়ে ধরা পড়ার পর তা সঙ্গে থাকা প্রটোকল কর্মকর্তার কাছে হস্তান্তর করেন। তিনি বলেন, “নিরাপত্তার স্বার্থে আমার লাইসেন্স করা বৈধ অস্ত্র আছে। গণ-অভ্যুত্থানের নেতৃত্বে থাকার সময় একাধিকবার হত্যাচেষ্টা হয়েছে, ফলে অস্ত্র রাখা আমার জন্য স্বাভাবিক। সরকারি প্রটোকল বা নিরাপত্তা না থাকলে নিজের এবং পরিবারের নিরাপত্তার জন্য লাইসেন্সড অস্ত্র রাখতেই হয়।”

আসিফ মাহমুদ আরও বলেন, “শুধু একটি ম্যাগাজিন দিয়ে আমি কী করব? যদি ইচ্ছা থাকতো, তাহলে অস্ত্র রেখে যেতাম না। এখানে অবৈধ কিছু নেই। তবে বিষয়টি নিয়ে অনেকেই অপ্রয়োজনীয় বিতর্ক তৈরি করছেন।” তিনি এটিও স্পষ্ট করেন যে, সংবাদমাধ্যমকে কোনো ধরনের চাপ দিয়ে সংবাদ সরাতে বলা হয়নি। বরং ঘটনার সময় তিনি টানা ১০ ঘণ্টা ফ্লাইটে ছিলেন এবং পরে ট্রানজিটে গিয়ে অনলাইনে এসে বিষয়টি জানতে পারেন।

এছাড়া, নাগরিকদের উদ্দেশে তিনি বলেন, “আপনাদের যদি নিরাপত্তা নিয়ে শঙ্কা থাকে, তাহলে যথাযথ আইন মেনে অস্ত্রের লাইসেন্স নিতে পারেন।” তিনি পুরো ঘটনাকে ‘আনইন্টেনশনাল’ বা অনিচ্ছাকৃত উল্লেখ করে বলেন, “এটা কোনো ষড়যন্ত্র নয়, বরং একটি সাধারণ ভুল।”

এই ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়। কেউ কেউ ঘটনাটিকে নিরাপত্তা বিষয়ে গাফিলতি হিসেবে দেখছেন, আবার কেউ বলছেন এটি রাজনৈতিক উদ্দেশ্যে ‘বাড়িয়ে দেখানো’ হয়েছে। তবে আসিফ মাহমুদের ব্যাখ্যা কিছুটা হলেও পরিস্থিতিকে স্পষ্ট করেছে বলে মত বিশ্লেষকদের।

 

Leave a Reply

scroll to top