সশস্ত্র বাহিনীর ক্যাপ্টেন ও তদূর্ধ্ব পদমর্যাদার কর্মকর্তাদের বিশেষ নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে ক্ষমতা প্রয়োগের মেয়াদ আরও দুই মাস বাড়িয়েছে সরকার।
আজ রবিবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা একটি প্রজ্ঞাপনে এই সিদ্ধান্ত জানানো হয়।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, বাংলাদেশ সশস্ত্র বাহিনীর ক্যাপ্টেন ও তার ঊর্ধ্বতন কমিশন্ড কর্মকর্তারা—যাঁরা সেনাবাহিনী, নৌবাহিনী, বিমানবাহিনী, কোস্টগার্ড এবং বিজিবির প্রেষণে নিযুক্ত থাকবেন—তাঁরা ফৌজদারি কার্যবিধির ১২(১) ও ১৭ ধারার অধীনে বিশেষ নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা লাভ করবেন।
এই ক্ষমতা ১৪ জুলাই ২০২৫ থেকে শুরু করে পরবর্তী ৬০ দিন পর্যন্ত কার্যকর থাকবে এবং সারাদেশে প্রয়োগযোগ্য হবে।
প্রজ্ঞাপনে আরও বলা হয়, এ ম্যাজিস্ট্রেট কর্মকর্তারা ফৌজদারি কার্যবিধির ৬৪, ৬৫, ৮৩, ৮৪, ৮৬, ৯৫(২), ১০০, ১০৫, ১০৭, ১০৯, ১১০, ১২৬, ১২৭, ১২৮, ১৩০, ১৩৩ ও ১৪২ ধারার অধীনে নির্ধারিত অপরাধসমূহের বিচার করতে পারবেন।
উল্লেখ্য, গত বছর থেকেই বিভিন্ন সময়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি ও বিশেষ নিরাপত্তা প্রয়োজনে সশস্ত্র বাহিনীর ম্যাজিস্ট্রেসি ক্ষমতা নির্দিষ্ট সময়ের জন্য বাড়ানো হচ্ছে। চলমান পরিস্থিতিতে এ ক্ষমতা আরও দুই মাস বৃদ্ধির সিদ্ধান্ত নেওয়া হলো।




