বলিউডের জনপ্রিয় তারকা দম্পতি ঐশ্বরিয়া রাই বচ্চন ও অভিষেক বচ্চন দীর্ঘদিন ধরেই নানা গুঞ্জনের কেন্দ্রে। বিশেষ করে তাদের দাম্পত্যজীবনে টানাপড়েন বা বিচ্ছেদের সম্ভাবনা নিয়ে মাঝেমধ্যেই খবর চাউর হয়। তবে প্রতিবারের মতো এবারও সেই সব গুজব বাতাসে মিলিয়ে গেল।
সাম্প্রতিক একটি ভিডিওতে দেখা গেছে—ঐশ্বরিয়া, অভিষেক এবং তাদের কন্যা আরাধ্যাকে নিয়ে মুম্বাই বিমানবন্দর থেকে একসঙ্গে বের হচ্ছেন। রোববার (১০ আগস্ট) ভোরে ধারণ করা ভিডিওটি প্রকাশ্যে আসার পর স্পষ্ট হয়ে গেছে, পরিবার হিসেবে তারা এখনও একসঙ্গে, এবং দৃশ্যত বেশ সুখেই আছেন।
হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়, পারিবারিক একটি ছুটি কাটিয়ে মেয়ে আরাধ্যাকে নিয়ে দেশে ফিরছিলেন ঐশ্বরিয়া। তখন বিমানবন্দরে তাদের জন্য অপেক্ষা করছিলেন অভিষেক বচ্চন। ভিডিওতে দেখা গেছে, কালো পোশাকে ঐশ্বরিয়া ও আরাধ্যা এবং ব্রাউন জ্যাকেটে অভিষেক বিমানবন্দর থেকে বের হচ্ছেন একসঙ্গে। অভিষেককে স্ত্রী ও মেয়ের জন্য গাড়ির দরজা খুলে দিতে দেখা যায়—যা দেখে সম্পর্কের মধ্যে কোনো তিক্ততা আছে বলে মনে হয়নি।
শুধু তাই নয়, সোশ্যাল মিডিয়ায় আরও কিছু ভিডিও ঘুরছে, যেখানে ঐশ্বরিয়া ও অভিষেককে দেখা গেছে একজন ভক্তের সঙ্গে হাসিমুখে ছবি তুলতে। একটি ভিডিওতে দেখা যায়, ঐশ্বরিয়া চুল ঠিক করছেন ক্যামেরার সামনে, আরেকটিতে অভিষেকের কাঁধে হেলে ভক্তের সঙ্গে সেলফি তুলছেন তিনি। তাদের হাস্যোজ্জ্বল মুখাবয়ব এই সম্পর্কের উষ্ণতাকেই তুলে ধরে।
সম্প্রতি অভিষেক বচ্চন হিন্দি সিনেমায় নিজের ২৫ বছর পূর্তিকে কেন্দ্র করে একটি সাক্ষাৎকারে বলেছিলেন, “ঐশ্বরিয়ার সঙ্গে আমার সম্পর্ক নিয়ে আমি যতই ব্যাখ্যা দিই, কেউ না কেউ সেটা বিকৃত করবে। নেতিবাচক খবরই বেশি বিক্রি হয়, তাই আমি এখন আর উত্তর দেওয়ার প্রয়োজন বোধ করি না।”
এই তারকা দম্পতির এমন ভদ্র এবং পরিণত আচরণ ভক্তদের মন জয় করেছে। বিচ্ছেদ নিয়ে কোনো বক্তব্য না দিয়ে, একসঙ্গে প্রকাশ্যে এসে তারা প্রমাণ করে দিয়েছেন—সব গুঞ্জনের জবাব ‘কথা’ নয়, ‘চিত্র’ দিয়েই দেওয়া যায়। এবারও তার ব্যতিক্রম ঘটেনি।





