ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণে আসা কমনওয়েলথ প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে নির্বাচনের নিরপেক্ষতা নিয়ে অভিযোগ তুলেছেন আনিসুল ইসলাম মাহমুদের নেতৃত্বাধীন জাতীয় পার্টির একাংশের নেতারা।
শনিবার রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে অনুষ্ঠিত বৈঠকে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন নিয়ে সংশয় প্রকাশ করেন তারা।
বৈঠকের বিষয়ে জাতীয় পার্টির চেয়ারম্যানের আন্তর্জাতিক বিষয়ক বিশেষ দূত ও প্রেসিডিয়াম সদস্য মাসরুর মাওলা জানান, কমনওয়েলথ প্রতিনিধি দল নির্বাচনের পরিবেশ সম্পর্কে জানতে চাইলে জাতীয় পার্টির চেয়ারম্যান আনিসুল ইসলাম মাহমুদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হওয়া নিয়ে উদ্বেগ প্রকাশ করেন।
তিনি বলেন, “বিগত তিনটি নির্বাচন নিয়ে নানা অভিযোগ থাকার কারণেই ২০২৪ সালের ৫ আগস্ট গণঅভ্যুত্থান ঘটেছিল। তরুণ সমাজ ভোটাধিকার ও বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার জন্য জীবন দিলেও সেই প্রত্যাশা এখনো পূরণ হয়নি।”
আনিসুল ইসলাম মাহমুদের নেতৃত্বাধীন জাতীয় পার্টি ৪৮টি আসনে প্রার্থী মনোনয়ন দিলেও নির্বাচন কমিশন সেগুলো বাতিল করেছে বলে অভিযোগ করা হয়। তফসিল ঘোষণার পর গত ২০ ডিসেম্বর চট্টগ্রামের হাটহাজারীতে তার গ্রামের বাড়িতে দুর্বৃত্তরা অগ্নিসংযোগ করে বলেও উল্লেখ করা হয়।
বৈঠকে আনিসুল ইসলাম অভিযোগ করেন, রাজনৈতিক দল সমর্থিত ও স্বতন্ত্র প্রার্থীদের জন্য সমান সুযোগ নিশ্চিত হয়নি। নির্বাচনি প্রচারে সহিংসতা ও প্রাণহানির ঘটনাও ঘটছে বলে দাবি করেন তিনি।
মাসরুর মাওলা আরও বলেন, নির্বাচনের আর অল্প সময় বাকি থাকলেও সাধারণ মানুষের মধ্যে নির্বাচন নিয়ে সংশয় রয়েছে। তিনি বলেন, “শুধু সাধারণ মানুষ নয়, সুশীল সমাজের প্রতিনিধি ও গণমাধ্যমকর্মীরাও নির্বাচন নিয়ে উদ্বেগ প্রকাশ করছেন। নির্বাচন হলেও তা কতটা গ্রহণযোগ্য হবে, সে প্রশ্ন রয়ে গেছে।”
আনিসুল ইসলামের বরাত দিয়ে তিনি বলেন, “জাতীয় পার্টির অনেক নেতার বিরুদ্ধে মিথ্যা হত্যা মামলা দেওয়া হয়েছে, যা প্রত্যাহার করা হয়নি। এমনকি যাদের বিরুদ্ধে কোনো মামলা নেই, তাদের নামেও ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।”
কমনওয়েলথ প্রতিনিধি দল নির্বাচন কমিশন, রাজনৈতিক দল এবং সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে বৈঠক করে নির্বাচন প্রক্রিয়া, আইনের শাসন ও নিরপেক্ষতা বিষয়ে মতবিনিময় করছে।
ঘানার সাবেক রাষ্ট্রপতি নানা আকুফো-আদ্দোর নেতৃত্বে ১১ সদস্যের কমনওয়েলথ পর্যবেক্ষক দল বৈঠকে অংশ নেয়।
জাতীয় পার্টির পক্ষে বৈঠকে চেয়ারম্যান আনিসুল ইসলাম মাহমুদ ছাড়াও নির্বাহী চেয়ারম্যান মুজিবুল হক চুন্নু, প্রেসিডিয়াম সদস্য মাসরুর মাওলা এবং প্রেসিডিয়াম সদস্য নাজমা আক্তার উপস্থিত ছিলেন।





