বাজারে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে জেলা প্রশাসকদের (ডিসি) সহায়তা চেয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। সোমবার (৪ মে) ওসমানী স্মৃতি মিলনায়তনে জেলা প্রশাসক সম্মেলন শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান।
মন্ত্রী বলেন, দ্রব্যমূল্য স্থিতিশীল রাখতে ডিসিদের নজরদারি বাড়ানোর আহ্বান জানানো হয়েছে। প্রশাসন ও নির্বাচিত সরকারের সমন্বয়ে কার্যকর পদক্ষেপ নেওয়ার বিষয়েও আলোচনা হয়েছে।
তিনি জানান, উৎপাদক পর্যায় ও খুচরা বাজারের মূল্যের মধ্যে বিশেষ করে কৃষিপণ্যে বড় ব্যবধান রয়েছে। পাশাপাশি গত কয়েক দশকে বাজার ব্যবস্থাপনায় সমন্বিত উদ্যোগের অভাব ছিল।
বাজার ব্যবস্থাপনা আধুনিকায়নে সরকার একটি এআইভিত্তিক মডেল তৈরির উদ্যোগ নিয়েছে বলে জানান তিনি। এই মডেলের মাধ্যমে আমদানি থেকে খুচরা বিক্রি পর্যন্ত পুরো সরবরাহ ব্যবস্থা পর্যবেক্ষণ করা সম্ভব হবে।
এ ছাড়া আমদানিনির্ভর পণ্যের জন্য কৌশলগত মজুত গড়ে তোলার পরিকল্পনাও রয়েছে। পর্যাপ্ত সংরক্ষণ সুবিধা তৈরি করে বাজারে অল্প কয়েকজনের ওপর নির্ভরশীলতা কমানো হবে।
সিন্ডিকেট প্রসঙ্গে মন্ত্রী বলেন, সব সমস্যার জন্য সিন্ডিকেট দায়ী নয়; বাজার ব্যবস্থার অসামঞ্জস্যও অনেক ক্ষেত্রে ভূমিকা রাখে। এসব সমস্যা সমাধানে সমন্বিত বাজার ব্যবস্থাপনা, স্টোরেজ সুবিধা বৃদ্ধি এবং কৌশলগত রিজার্ভ গড়ে তোলার পরিকল্পনা নেওয়া হয়েছে।