ভারতের তামিলনাড়ু বিধানসভা নির্বাচনে চমক দেখিয়ে বড় ব্যবধানে এগিয়ে রয়েছে অভিনেতা থালাপতি বিজয়–এর দল তামিলাগা ভেট্টি কাজাগাম (টিভিকে)। প্রথমবার নির্বাচনে অংশ নিয়েই দলটি একক সংখ্যাগরিষ্ঠতার পথে এগিয়ে যাচ্ছে।
সূত্র: হিন্দুস্তান টাইমসসোমবার (৪ মে) এক প্রতিবেদনে জানিয়েছে, বিশ্লেষণী পোর্টালের তথ্য অনুযায়ী সর্বশেষ গণনায় টিভিকে ১৪৫টি আসনে এগিয়ে রয়েছে। যদিও এনডিটিভি–এর তথ্য অনুযায়ী দলটি প্রায় ১০৫টি আসনে লিড ধরে রেখেছে। ফলে চূড়ান্ত ফলাফলের আগে সংখ্যা নিয়ে কিছু পার্থক্য থাকলেও টিভিকের এগিয়ে থাকার চিত্র স্পষ্ট।
তামিলনাড়ুর ২৩৪টি আসনে গত ২৩ এপ্রিল ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। সরকার গঠনের জন্য প্রয়োজন ১১৮টি আসনে জয়। সেই হিসাবে টিভিকে ইতোমধ্যেই সংখ্যাগরিষ্ঠতার সীমা অতিক্রম করার পথে রয়েছে বলে ধারণা করা হচ্ছে।
থালাপতি বিজয়, যার আসল নাম চন্দ্রশেখর জোসেফ বিজয়, এবারই প্রথম সরাসরি নির্বাচনে অংশ নিয়েছেন। যদিও দলটির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে মুখ্যমন্ত্রী প্রার্থী ঘোষণা করা হয়নি, তবু দল জয়ী হলে তিনিই রাজ্যের পরবর্তী মুখ্যমন্ত্রী হবেন—এমনটাই রাজনৈতিক মহলের ধারণা।
উল্লেখ্য, ২০২৪ সালের ফেব্রুয়ারিতে রাজনীতিতে আসার ঘোষণা দেন বিজয়। সে সময় তিনি এটিকে ব্যক্তিগত উচ্চাকাঙ্ক্ষা নয়, বরং জনগণের সেবার একটি ‘মিশন’ হিসেবে উল্লেখ করেছিলেন। অভিনয় জীবনের ব্যাপক জনপ্রিয়তাকে কাজে লাগিয়ে প্রথম নির্বাচনে নেমেই তিনি রাজ্যের প্রতিষ্ঠিত রাজনৈতিক শক্তিগুলোর জন্য বড় চ্যালেঞ্জ তৈরি করেছেন।
বিশ্লেষকদের মতে, তরুণ, নারী ও মৎস্যজীবীদের জন্য দেওয়া বিভিন্ন প্রতিশ্রুতি এবং বিকল্প নেতৃত্বের প্রত্যাশাই টিভিকের এই উত্থানের পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। অনেকেই এই ফলাফলকে তামিলনাড়ুর রাজনীতিতে নতুন যুগের সূচনা হিসেবে দেখছেন।
সূত্র: সূত্র: হিন্দুস্তান টাইমস