হাইকোর্ট-এ শেখ হাসিনা সরকারের সময়ে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) ও এর গোয়েন্দা শাখা (ডিবি)-এর কিছু কর্মকর্তার বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধানের নির্দেশনা চেয়ে রিট দায়ের করা হয়েছে।
শুক্রবার (১ মে) রিটকারী সুপ্রিম কোর্টের আইনজীবী ও ন্যাশনাল লইয়ার্স কাউন্সিলের চেয়ারম্যান এস এম জুলফিকুর আলী জুনু বিষয়টি নিশ্চিত করেছেন।
রিটে দুর্নীতি দমন কমিশন (দুদক)-এর নিষ্ক্রিয়তা ও বিলম্বের বিষয়টি তুলে ধরে অভিযোগগুলোর দ্রুত নিষ্পত্তিতে আদালতের হস্তক্ষেপ কামনা করা হয়েছে। আবেদনে বলা হয়েছে, দীর্ঘদিন ধরে সংশ্লিষ্ট কিছু কর্মকর্তার বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, ঘুষ গ্রহণ ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ থাকলেও তা কার্যকরভাবে তদন্ত করা হয়নি। এতে জনমনে আস্থার সংকট তৈরি হয়েছে এবং আইনের শাসন প্রশ্নবিদ্ধ হয়েছে।
রিটে অভিযুক্ত কর্মকর্তাদের সম্পদের বিস্তারিত হিসাব যাচাই, দুদককে নিরপেক্ষ ও পূর্ণাঙ্গ অনুসন্ধানের নির্দেশ এবং ৩০ দিনের মধ্যে তদন্ত শেষ করে আদালতে প্রতিবেদন দাখিলের নির্দেশনা চাওয়া হয়েছে। রিটকারী আইনজীবী বলেন, রাষ্ট্রের গুরুত্বপূর্ণ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের বিরুদ্ধে এ ধরনের গুরুতর অভিযোগ দীর্ঘদিন ঝুলে থাকা গণতন্ত্র ও সুশাসনের জন্য হুমকিস্বরূপ। তাই দ্রুত তদন্ত ও জবাবদিহিতা নিশ্চিত করা জরুরি।